• ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে সপরিবারে নিহত হন। একই সাথে ধানমন্ডির আরেকটি বাড়ীতে সস্ত্রীক নিহত হন মুজিবের ভাগ্নে ও সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকারী শেখ ফজলুল হক মণি। রমনায় একটি সরকারী বাংলোয় নিহত হন শেখ সাহেবের ভগ্নীপতি মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত।

    দৃশ্যত ও কার্যত দেশের মওজুদা হালতে সংক্ষুব্ধ এবং ক্ষেত্রবিশেষে ব্যক্তিগত দুর্ভোগের শিকার সেনাবাহিনীতে কর্মরত ও চাকরীচ্যুত ক্যাপ্টেন ও মেজর মনসবের একদল অফিসার টোটাল সারপ্রাইজের জন্ম দিয়ে ঢাকার শহরের তিন লোকেশনে হামলা করে এই নৃশংস হত্যাকাণ্ডের আনজাম দেন।

    হত্যাকাণ্ডের অব্যবহিত পর খুনে মেজরগণ পুরান ঢাকার আগা মসিহ লেন থেকে বাকশালের অন্যতম শীর্ষ নেতা ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম জ্যেষ্ঠ সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার মুশতাক আহমদকে ট্যাংক মিছিল সহকারে বঙ্গভবনে এনে প্রেসিডেন্ট হিসেবে বসিয়ে দেন।

    মুশতাক প্রেসিডেন্ট হয়ে একটি দায়মুক্তি বা ইনডেমনিটি অধ্যাদেশ জারী করেন, যা অভ্যুত্থানকারীদের যাবতীয় কৃতকর্মের জন্য বিচারের আওতায় আনার পথ রূদ্ধ করে।

    পরবর্তীতে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পর আওয়ামী লীগ ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে। এই সময়ে মুজিব হত্যার তদন্ত করা হয়। সিআইডির বিশেষ ইন্সপেক্টর আবদুল কাহার আখন্দ যে তদন্ত করেন তার নিরিখেই মুজিব হত্যার ইতিহাস রচিত হয়। এতে সহায়ক ভূমিকা পালন করে কর্নেল এম এ হামিদ, অ্যান্থনি ম্যাসকারেনহাস প্রমুখের লেখা বই।

    এর বাইরে আগস্ট অভ্যুত্থান নিয়ে তেমন কোন তদন্ত হয়নি। এইখানে ভুল হয়ে যায়। ফলে ১৯৭৫ সালের মধ্য আগস্টের সেই অতি রহস্যময় ঘটনার কুশীলবরা আড়ালেই থেকে যাবার সুযোগ পায়। আমি মনে করি, আবদুল কাহার আখন্দকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত বিজ্ঞজনোচিত তো হয়ই নি, এতে আগস্ট অভ্যুত্থানের বদলে মুজিব হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে। কেবল তাই নয়, মুজিব হত্যার তদন্তও হয়েছে একটি মামুলী ফৌজদারি তদন্তের মতো।

    এই প্রসঙ্গে গতকাল জেনারেল ফজলুর রহমানের সাথে ফোনে আমার বিস্তারিত মতবিনিময় ঘটে। স্যার গতবছর ‘ফিরে দেখা পঁচাত্তরের সেনা অভ্যুত্থান’ শিরোনামে একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রবন্ধ লেখেন। ওই লেখাটি বেশ শোরগোল সৃষ্টি করে। বিশেষত, অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের মধ্যে এই বিষয়ে হৈচৈ সৃষ্টি হয়েছিলো। কারণ পুরো ঘটনায় সেনাবাহিনীই জড়িত হয়ে পড়েছিলো।

    জেনারেল ফজলুর রহমানের লেখার লিংক- https://m.facebook.com/story.php?story_fbid=10213931677708752&id=1313709533

    শ্রদ্ধেয় কাউবয় জেনারেল তাঁর লেখায় দীর্ঘদিনের অমীমাংসিত এক রহস্যের জট সমাধানের রাস্তা খুলে দিয়েছিলেন। এবং কাজটা তিনি এতো ফলপ্রসূ উপায়ে করতে সমর্থ হয়েছিলেন যে, এই লেখার প্রভাব ও প্রতিক্রিয়া মৌচাকে ঢিল পড়ার মতো হয়েছিলো। ফলে আমার জন্য এটা জানা জরুরী ছিলো যে, ওই লেখা লিখতে গিয়ে কাউবয় জেনারেলের মস্তিষ্কে কোন কোন বিষয় কাজ করছিলো। স্যার এর জবাবে আমাকে যা বলেছিলেন, সেটাই আমার এই লেখার উপাদান।

    বলা বাহুল্য, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মামুলী কোন ঘটনা ছিলোনা। প্রকৃতিগত কারণে আগস্ট অভ্যুত্থানকে মুজিব হত্যা হিসেবে, এবং বহুজাতিক ষড়যন্ত্রের ফসল মুজিব হত্যাকাণ্ডকেও একটি সাধারণ মার্ডার কেসের মতো তদন্ত করে পুরো বিষয়টিকেই খাটো করে ফেলা হয়েছে। এজন্যই বাংলার হাজার বছরের ইতিহাসের একটি ঝলমলে অধ্যায়ের মধ্যমণি হয়েও শেখ সাহেব আদতে একজন ট্র্যাজিক চরিত্র হিসেবেই প্রতিভাত হচ্ছেন।

    বস্তুত, আগস্ট অভ্যুত্থানের বিষয়ে সঠিক তদন্ত করতে গেলে কেবল জাতীয় প্রসঙ্গই নয়, সমসাময়িক আন্তর্জাতিক বিষয়েও বিশদ জ্ঞান ও বিশ্লেষণের প্রয়োজন। প্রয়োজন এসব বিষয়ে বিভিন্ন স্বাধীন উৎসে থাকা বিচ্ছিন্ন তথ্য ও উপাত্তকে ক্ষুরধার বিশ্লেষণের মাধ্যমে সাজিয়ে, কতিপয় মিসিং লিংককে ইতিহাসের যৌক্তিক রূপকল্পের মাধ্যমে সাজিয়ে ফ্যাক্ট হিসেবে প্রতিষ্ঠিত করা।

    ফলে পৃথিবীর খুব কম ব্যক্তি বা সংস্থারই মুরোদ রয়েছে এমন একটি হত্যাকাণ্ডের তদন্ত করার। এটা একটা সুকঠিন বিষয় বলেই বহু রাষ্ট্রনায়কের হত্যার বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। আর শেখ মুজিব তো ওই সকল রাষ্ট্রনায়কগণের মধ্যে আলাদা মরতবার অধিকারী। কারণ, তিনি বিশ্বের অন্যতম জনবহুল এবং ১৯৭২ সালের ১০ জানুয়ারী রেসকোর্সে প্রদত্ত ভাষণে তাঁর নিজের দাবী অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের স্বাধীনতা আন্দোলনের প্রাণভ্রমরা।

    তাঁকে কেবল হত্যাই করা হয়নি, সপরিবারে বিলুপ্ত বা এলিমিনেট করা হয়েছিলো। ফলে এটা সহজেই প্রতীয়মান হয় যে, এই কাজটা কয়েকজন জুনিয়র মেজরের পরিকল্পনায় তো ঘটেই নাই, এমনকি এটা অল্প কয়েক দিনের পরিকল্পনাও নয়। আমার মনে হয়, বঙ্গবন্ধুকে এলিমিনেট করার ক্ষেত্র প্রস্তুত হতে শুরু করে ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকেই।

    ফলে এই হত্যাকাণ্ডের তদন্ত করার দায়িত্ব সিআইডির একজন পরিদর্শককে দেয়াতে একটি বুনিয়াদী ভুল হয়েছে। সিআইডির কাজ স্থানীয় পর্যায়ের খুনখারাবির তদন্ত করা। প্রকৃতিগতভাবেই এই সংস্থা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত করার মতো প্রাতিষ্ঠানিক ব্যাপ্তির অধিকারী নয়।

    কারণ এর তদন্তের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির সমসাময়িক গতিপ্রকৃতি সম্পর্কে গভীর জানাশোনা যেমন জরুরী, তেমনি সামরিক বাহিনীর মনস্তত্ত্ব, কমান্ড ফাংশনিং সম্পর্কে গভীর জ্ঞান থাকাও জরুরী। উপলব্ধিতে নেয়া উচিত ছিলো যে, খুনে মেজরগণ কি এমন সংক্ষুব্ধ হবার মতো পরিস্থিতিতে ছিলেন যে বাড়ীর নারী, শিশুদেরও তাদের মারতে হলো। অনেকেই বলতে পারেন, এগুলো বিভ্রান্ত ও উশৃঙ্খল সৈন্যদের কাজ হতে পারে। কিন্তু এটা প্রচলিত তথ্যের দ্বারাই প্রতীয়মান হয় যে, অভ্যুত্থানে অংশ নেয়া দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ও বেঙ্গল লান্সারের অফিসাররা অভ্যুত্থানকালে পূর্ণরূপে কমান্ডের অধিকারী ছিলেন। এবং পেশাদার সৈন্যদের দ্বারা নিরস্ত্র নারী, শিশুকে গুলি করা কোন স্বাভাবিক ঘটনা নয়। নিরস্ত্রদের খুন করার আরেকটি পাইকারি নজির বাংলাদেশ প্রত্যক্ষ করেছিলো ২০০৯ সালের পীলখানা হত্যাযজ্ঞের সময়। সেই ঘটনা নিয়েও রহস্য কম ঘনীভূত হয়নি। কান পাতলে এখনো সেসবের কথা বাতাসে ভাসতে শোনা যায়।

    কাকতালীয় হোক বা না হোক, পীলখানা হত্যাযজ্ঞের তদন্তকার্যেও সেই আবদুল কাহার আখন্দকেই অবতীর্ণ হতে দেখা যায়।

    আগস্ট অভ্যুত্থানে অন্য কোন কিলার গ্রুপের অস্তিত্ব ছিলো কিনা, সেদিকে যাবারই চেষ্টা করা হয়নি। চেষ্টা করা হয়নি কোন বিকল্প সম্ভাবনা খতিয়ে দেখার।

    যেমন, ইরানের রক্ষণশীল দৈনিক কেইহান অভ্যুত্থানের দুই দিনের মাথায়ই ১৯৭৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের পটপরিবর্তন বিষয়ে একটি দীর্ঘ এবং অভিনব তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকা দাবী করে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশে একটি নয়, বরং দুটি পাল্টাপাল্টি অভ্যুত্থান ঘটে। কমিউনিস্টদের অভ্যুত্থান শুরু হয় ভোররাত সাড়ে তিনটার পর। এতে বঙ্গবন্ধু নিহত হন। ডানপন্থীরা ভোর সাড়ে পাঁচটার দিকে পাল্টা অভ্যুত্থান করে, যাতে কমিউনিস্ট অভ্যুত্থানকারীরা নিহত হয়। রিপোর্টের সূত্র হিসেবে কেইহান এএফপির বরাত দেয়।

    কেইহানের সেই অদ্ভূতুড়ে প্রতিবেদনে দাবী করা হয়, বাংলাদেশ সরকারের মস্কোপন্থী অংশ কয়েক মাস যাবত অভ্যুত্থানের পরিকল্পনা করছিলো। এদের মধ্যে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর দ্বারা পদচ্যুত বা দূরে সরে যাওয়া নেতারাও ছিলেন। কেইহানের প্রতিবেদনে এহেন মস্কোপন্থীদের মধ্যে যাদের নাম এসেছে, তারা হচ্ছেন- তাজউদ্দীন আহমদ, আবদুস সামাদ আজাদ, এ এইচ এম কামরুজ্জামান, আবদুর রব সেরনিয়াবাত, কোরবান আলী, মস্কোতে নিযুক্ত বাংলাদেশের দূত, শেখ মুজিবের দুই আত্মীয় প্রমুখ।

    এরা নাকি কমিউনিস্ট অভ্যুত্থানকারীদের সহায়তা ও সমর্থন করেন। তবে দ্বিতীয় অভ্যুত্থানে খন্দকার মুশতাকের নেতৃত্বে ডানপন্থীরা এদের পরাজিত করে।

    কেইহানের উপরিউল্লেখিত দাবীতে সত্যতা নাও থাকতে পারে, তবে এটা অনস্বীকার্য যে, আগস্ট অভ্যুত্থান আসলে আমাদের ধারণার চেয়েও গরল ও জটিল এক রক্তাক্ত রাজনীতি ছিলো। এটা অবশ্যই আন্তর্জাতিক প্রণোদনা ছাড়া সংঘটিত হয়নি। এমনকি ভবিষ্যতে যদি এটা কখনো প্রতীয়মান হয় যে, আগস্ট অভ্যুত্থানের অপারেশনাল প্ল্যানিংও বাইরে থেকে আসা, তাহলেও অবাক হবার কিছু থাকবে না।

    জেনারেল ফজলুর রহমান তাঁর পূর্বোক্ত লেখায় লিখেছেন, সুদূরপ্রসারী উদ্দেশ্যে এই অভ্যুত্থান থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডেও সেনাবাহিনীর কতিপয় পাকিস্তান প্রত্যাগত অফিসারকে কাজে লাগানো হয়ে থাকতে পারে। এর পেছনে সুদূরপ্রসারী উদ্দেশ্য ছিলো, ক্রমান্বয়ে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সামরিক, বেসামরিক সংস্থাপনকে শেষ করে দিয়ে একটি ভিন্ন ধারার সংস্থাপন তৈরি করা। আর এহেন কাজে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিলো শেখ মুজিব ও জিয়াউর রহমানের মতো শক্তিশালী নেতৃত্ব।

    এর বাস্তবায়নের কৌশলের স্বরূপ সম্পর্কে প্রশ্ন করা হলে জেনারেল ফজলুর রহমান আমাকে যে বিষয়গুলোতে দৃষ্টি দিতে বলেন, সেগুলো হচ্ছে-

    ১। এক্ষেত্রে যদি উদাহরণ হিসেবে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ও জেনারেল আবুল মঞ্জুরের কথা আনা হয়, তাহলে দেখা যাবে মুজিব হত্যার আগে বহু অপেক্ষাকৃত চৌকশ অফিসারকে টপকে কার্যত অনুল্লেখ্য ক্যারিয়ারের অধিকারী কর্নেল এরশাদকে এনডিসি কোর্স করতে ভারতে পাঠানো হয়েছিলো। একই সময়ে দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনে ডিফেন্স অ্যাডভাইজর করে পাঠানো হয় কর্নেল মঞ্জুরকে। শেখ সাহেবের হত্যার পরপরই দুজনই নিজেদের দায়িত্ব অসমাপ্ত রেখে ঊর্ধ্বতন কতৃপক্ষের যথাযথ অনুমোদন ব্যতিরেকে হুট করে ঢাকায় ফিরে আসেন। তাঁদের উভয়ের আচমকা উপস্থিতিই সেনানিবাসে বিস্ময়ের উদ্রেক করেছিলো। খোদ উপপ্রধান সেনাপতি জেনারেল জিয়া তাঁদের ঢাকায় আসার বিষয়ে বিস্মিত হয়ে কৈফিয়ত তলব করে তাঁদের অবিলম্বে ফিরে যেতে বলেছিলেন মর্মে বিভিন্ন বইতে উল্লেখ আছে। জেনারেল ফজলুর রহমান নিজেই এই কথা সেই সময় জেনারেল জিয়ার পাশে থাকা কর্নেল (পরবর্তীতে মেজর জেনারেল) আমীন আহমদ চৌধুরীর মুখে শোনেন।

    আবার ছয় বছর পর ১৯৮১ সালের ৩০ মে দেখা গেলো জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে অপহরণ করতে উদ্যোগী হয়েছেন, এবং প্রেসিডেন্ট তাঁর প্রধান সেনাপতির তরফে কোন সহায়তা না পেয়েই মারা পড়লেন। আবার প্রেসিডেন্টের মৃত্যুর পর এরশাদ পুলিশের কাছে আত্মসমর্পণ করা জেনারেল মঞ্জুরকে সেনা হেফাজতে নিয়ে নিলেন। বাকি ইতিহাস তো সবারই জানা।

    মুজিব হত্যা ও আগস্ট অভ্যুত্থানের বস্তুনিষ্ঠ তদন্তে এই আপাত সম্পর্কহীন বিষয়গুলোরও দূরবর্তী যোগসূত্র খোঁজা উচিত ছিলো, যা একজন সিআইডি ইন্সপেক্টরের পক্ষে অসম্ভব। এর কারণ জেনারেল জিয়ার হত্যার পরই সেনাবাহিনীর কমান্ড, এমনকি দেশের সার্বিক কতৃত্ব পুরোপুরিভাবে পাকিস্তান প্রত্যাগত অফিসারদের নিকট চলে যায়।

    ২। বঙ্গবন্ধু নিহত হবার পর আবদুল কাদের সিদ্দিকী ভারতে পালিয়ে যান। ভারতে অবস্থা ভারতের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী, তথা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। বঙ্গবন্ধুর প্রতি কাদের সিদ্দিকীর গভীর ভালবাসা থাকতেই পারে। কিন্তু ভারত তাঁকে কেন সাগ্রহে পৃষ্ঠপোষকতা দিয়েছিলো? মুজিব হত্যার আগে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছিলো। ১৯৭৪ সালের শেষের দিকে ভুট্টোর বাংলাদেশ সফরে এটা আরো স্পষ্ট হয়ে পড়ে। অধিকিন্তু, বঙ্গবন্ধুর জীবদ্দশায়ই পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী নামের সশস্ত্র সংগঠনের সৃষ্টি হয়। ত্রিপুরা ও মিজোরামে আশ্রয়, প্রশ্রয় আর অস্ত্রে সজ্জিত হয়ে এরা দীর্ঘদিন পাহাড়ে বাংলাদেশের জাতীয় অখণ্ডতা ও সংহতির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকে। এসব বিষয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন ছিলো। যা প্রকারান্তরে আগস্ট অভ্যুত্থানের পূর্বাপর নিরুপণে কাজে লাগতে পারতো।

    ৩। ১৯৭৩ সাল থেকে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানে আটক বাঙ্গালী সৈন্যদের প্রত্যাবাসন শুরু হয়। অবাক করা বিষয় হচ্ছে, প্রত্যবাসন প্রক্রিয়া শুরু হবার পর থেকেই থেকেই একে একে বঙ্গবন্ধুর সামরিক সচিব, এডিসি, এমনকি নিরাপত্তা কর্মকর্তা, বিডিআর, পুলিশ, সামরিক ও বেসামরিক প্রায় সকল গোয়েন্দা সংস্থা, এমনকি রাষ্ট্রপতির ভিজিলেন্স টিমের প্রধান হিসেবে পাকিস্তান প্রত্যাগত এবং এমনকি মুক্তিযুদ্ধের সময় এদেশে পাকিস্তান সরকারের অধীন চাকরীতে থাকা অফিসারদের নিয়োগ দেয়া শুরু হয়। ১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবুর রহমানের চারপাশে কোন মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ছিলেন না। এগুলো কি স্রেফ কাকতালীয় বিষয়, নাকি এগুলো পরবর্তীতে আগস্ট অভ্যুত্থান ও মুজিব হত্যাকাণ্ড তরান্বিত করতে ভূমিকা রেখেছিলো; এই বিষয়গুলোও বঙ্গবন্ধু হত্যার তদন্তে জোরালোভাবে থাকা উচিত ছিলো।

    ৪। আক্রান্ত হবার পর বঙ্গবন্ধু অনেকের সাহায্যই আহবান করেছিলেন। তারমধ্যে গুরুত্বপূর্ণ দুইজন ছিলেন তাঁর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দীন আহমদ এবং জেনারেল শফিউল্লাহ। এছাড়াও আরো যেসকল গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে তিনি সাহায্য আহবান করে থাকতে পারেন, তারা হলেন, রক্ষীবাহিনীর রাজনৈতিক সমন্বয়ক তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল হাসনাত, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমান, সামরিক সচিব ব্রিগেডিয়ার মশহুরুল হক।

    কিন্তু অতীব হতাশার সাথে দেখা যায়, একটি বাহিনীও বাংলাদেশের অবিসংবাদিত নেতার সাহায্যার্থে কিংবা তাঁর আহবানে এগিয়ে আসেনি।

    কর্নেল জামিলের পদক্ষেপের ব্যাপারে তাঁর পারিবারিক সূত্রে এবং অন্যান্য প্রচলিত উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তিনি একাই বেসামরিক কাপড়ে, ব্যক্তিগত গাড়ী নিয়ে ৩২ নম্বরের দিকে এগিয়ে যান। তিনি সদ্য গোয়েন্দা সংস্থা ডিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পেলেও তখনও সে দায়িত্ব গ্রহণ করেননি। অর্থাৎ তখনো তিনি প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা কর্মকর্তা, এবং সেই সূত্রে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেন্ট। কর্নেল জামিল সপরিবারে গণভবনে থাকতেন, এবং গণভবনেই পিজিআরের ব্যারাক ছিলো।

    অথচ যেকোন ফোর্স কমান্ডের এসওপি অনুযায়ী, তিনি উর্দি পরিধান করে প্রথমে ফোর্সের কাছে যাবেন, এবং তাদেরকে প্রস্তুত করে অন্যান্য অফিসারদের নেতৃত্বে অকুস্থলে পাঠানোর ব্যবস্থা করবেন। এবং তিনি নিজেও সামরিক পোষাকে, কমান্ডারের ইনসিগনিয়া ধারণ করে, সামরিক যানবাহনে চেপে ঘটনাস্থলে যাবেন।

    অথচ আমরা দেখলাম, তিনি একাই সিভিল পোষাকে, সিভিল গাড়ীতে চেপে, প্রয়োজনীয় অস্ত্রবল ছাড়াই ধানমন্ডি গেলেন, এবং মারা গেলেন। এই রকমটা কেমন হয়েছিলো, কোন পরিস্থিতিতে কর্নেল জামিল একজন পেশাদার সেনা অফিসার হয়েও অত্যন্ত অস্বাভাবিক পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছিলেন, তার গভীর বিশ্লেষণ অতীব জরুরী ছিলো। কারণ একজন জ্যেষ্ঠ কর্নেলের পক্ষে জরুরী সময়ে এমন কোন ভুল করা সম্ভব নয়, যা বুনিয়াদী সামরিক প্রশিক্ষণের কমান্ড প্রক্রিয়ার পরিপন্থী ।

    ৫। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিএফআই (বর্তমান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর তথা ডিজিএফআইয়ের পূর্বসূরী) মহাপরিচালক ব্রিগেডিয়ার আবদুর রউফ ১৫ আগস্ট রাত আড়াইটার দিকে প্রথম অস্বাভাবিক ট্রুপস মুভমেন্টের খবর জানতে পারেন। তিনি চরম অস্বাভাবিকভাবে এই ঘটনা চেপে যান। এমনকি যখন নাইট ট্রেনিংয়ের নাম করে বের করা ট্যাংক মুভ করে পূর্বনির্ধারিত প্রশিক্ষণ স্থল কুর্মিটোলার বদলে দক্ষিণে শহরের দিকে ভীম আওয়াজ ছেড়ে শেষ রাতের নিস্তব্ধতা খানখান করে এগিয়ে গেলো, তখনও এই বিষয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতর নিশ্চুপ।

    ব্রিগেডিয়ার রউফকে দেখা যায় হত্যাকাণ্ড সংঘটিত হবার ঠিক পরপর। ভোর ছয়টার পর যখন হতবুদ্ধি প্রধান সেনাপতি জেনারেল কে এম শফিউল্লাহ তাঁর বাসায় জড়ো হওয়া উপপ্রধান সেনাপতি জেনারেল জিয়াউর রহমান, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সহ পদস্থ অফিসারদের নিয়ে বৈঠক করছিলেন, তখন শফিউল্লাহর ব্যাটম্যনের সহায়তার প্রধান সেনাপতির বাড়ীর দেয়াল টপকে লুঙ্গী, গেঞ্জি পরিহিত অবস্থায় নাটকীয়ভাবে উদয় হন ব্রিগেডিয়ার রউফ।

    আগস্ট অভ্যুত্থানে ব্রিগেডিয়ার আবদুর রউফের এহেন চূড়ান্ত রহস্যময় ভূমিকার তাবসেরা ছাড়া কোন তদন্ত পূর্ণতা পাবে না।

    পরিতাপের বিষয় হচ্ছে, বঙ্গবন্ধু হত্যার বিষয়ে যখন আলোচিত হয়, তখন এই বিষয়ে কোনরূপ আলোচনা হয়না। সিআইডির পক্ষে ঘটনার এতোটা গভীরে যাওয়া সম্ভব হয়নি বলেই এমনটা হয়েছে।

    এই বছর অন্যন্য বছরের মতো ১৫ আগস্টে জেনারেল জিয়ার পিণ্ডি চটকানোর বদলে এই ভয়াবহ ঘটনার পূর্বাপর ও নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনের বিষয়ে আলোচনা হয়েছে বেশি। শেখ সেলিম, হাছান মাহমুদের মতো অনেকেই জাতীয় কমিশন গঠন করে মুজিব হত্যার নেপথ্য কারিগরদের খুঁজে বের করার কথা বলেছেন। ১৮ আগস্ট যায়যায়দিনে আগস্ট অভ্যুত্থানের অধিকতর তদন্তের লক্ষ্যে জাতীয় কমিশনের রূপরেখা প্রকাশিত হয়েছে। এতে দেখা গেলো, ১৯৭৫ সালের ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদের বোমাবাজি থেকে শুরু করে ঘটনার অনেক পরে ১৯৭৬ সালে জাসদ গণবাহিনী কতৃক বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার সমর সেনকে অপহরণের চেষ্টার ঘটনাকেও আগস্ট অভ্যুত্থানের সাথে মিলিয়ে দেখার কথা বলা হয়েছে।

    এটা একটা ইতিবাচক উদ্যোগ। কারণ বস্তুনিষ্ঠ তদন্ত কেবল মুজিব হত্যাই নয়, জিয়া হত্যার পেছনের ষড়যন্ত্রের উদঘাটনেও সহায়ক প্রমাণিত হবে। আর যদি এখানে যদি আগের মতোই খেলাধুলা চলে, তাহলে এটা একটা খারাপ নজিরের জন্ম দেবে। আমাদের জন্য ডেকে আনবে বহুমাত্রিক বিপদ…।

  • গতকাল তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নির্বাহী শাসক মহাথির মোহাম্মদ। রাওয়ালপিন্ডির চাকলালা বিমানঘাঁটিতে সফররত মালয়েশীয় প্রধানমন্ত্রীকে প্রটোকল প্রদান করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সফরের ঘোষিত উদ্দেশ্য হচ্ছে, আগামীকাল পাকিস্তানের জাতীয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে মহাথির মোহাম্মদের যোগদান।

    নিঃসন্দেহে এটা একটা মনোরম কূটনৈতিক প্রদর্শনীও বটে। কিন্তু এই সফরটি স্রেফ কূটনৈতিক শিষ্টাচার পালনের জন্য হচ্ছে? কেমন পরিস্থিতিতে মালয়েশিয়ায় ৯২ বছর বয়সে মহাথিরকে প্রধানমন্ত্রী হতে হলো, এবং তাঁর বিদেশনীতি কি; সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত এক্ষেত্রে সকলের মনে ভাবনার রশ্মি জ্বালতে পারে।

    পূর্ববর্তী প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের উন্নয়নমুখী, অথচ দুর্নীতিগ্রস্ত শাসনের শেষে বিপুল সংখ্যাধিক্যে বলশালী হয়ে মহাথির মোহাম্মদ শেষ বয়সে পুনরায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। নাজিব রাজ্জাকের আমলে যেসকল উন্নয়ন প্রকল্প গৃহীত হয়, তার প্রায় সবগুলোই চীনের অর্থানুকূল্যে সাধিত হয়েছিলো। এসব প্রকল্পের অস্বচ্ছতাকে সামনে রেখে মহাথির মোহাম্মদ ক্ষমতাসীন হন। দায়িত্ব নিয়ে তিনি এমন বেশ কিছু প্রকল্প বাতিল করেন।

    শুধু তাই নয়, মহা গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালী ঘিরে চলমান ভূরাজনীতির স্পর্শকাতর খেলায় মহাথিরের নেতৃত্বে মালয়েশিয়ার অবস্থান চীনের জন্য স্পষ্ট অস্বস্তিজনক এক পরিস্থিতির জন্ম দেয়। নির্বাচিত হবার পরদিনই তিনি মালাক্কা প্রণালীকে নিরপেক্ষ রাখার পক্ষে মত দেন। এটা আমেরিকার চেয়েও বেশি চীনের ভ্রুকুঞ্চনের কারণ হয়ে দাঁড়ায়। মহাথির মোহাম্মদ স্পষ্টভাবেই সেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে, মালাক্কা প্রণালীতে তিনি কোন রণতরী দেখতে চান না। কারণ একটি দেশের রণতরী অন্য দেশের রণতরীদের আকৃষ্ট করে।

    এজন্য চীনের জন্য মহাথির মোহাম্মদের সাথে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেয়া জরুরী হয়ে পড়ে। পরাশক্তিদের ক্ষেত্রে অনেক সময় এমন কোন তৃতীয় দেশ এই প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়, যার সাথে উভয় দেশেরই সমান সুসম্পর্ক রয়েছে। পাকিস্তানের সাথে বেইজিং ও পুত্রযায়া, উভয়েরই গভীর সম্পর্ক রয়েছে।

    তাছাড়া পাকিস্তান অতীতে আরো বড় বড় দেশের মধ্যে আরো জটিল প্রেক্ষাপটে সম্পর্কোন্নয়নের দূতিয়ালি করেছিলো। এটা অনেকের নিকট অবাক করা হলেও সত্যি হচ্ছে, খোদ চীন ও আমেরিকার সম্পর্কই পাকিস্তানের মধ্যস্থতায় গড়ে উঠেছিলো।

    ১৯৪৯ সালে জেনারালিসিমো চিয়াং কাই শেকের জাতীয়তাবাদী সরকারকে পরাজিত করে মাও সে তুং চীনে কমিউনিস্ট হুকুমত কায়েম করে ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী চীনের। অপরদিকে জেনারালিসিমো তাঁর লটবহর নিয়ে তাইওয়ানে পলায়ন করেন। সেখানে তিনি চীনা প্রজাতন্ত্র তথা রিপাবলিক অভ চায়না নামে সরকার গঠন করেন। আজো তাইওয়ানের সরকারী নাম রিপাবলিক অভ চায়না।

    পশ্চিমারা তাইওয়ানে স্থাপিত চিয়াং কাই শেকের সরকারকেই চীনের বৈধ কতৃপক্ষ বলে স্বীকৃতি দেয়, এবং এমন ভাব করে যে মূল ভূখণ্ডে প্রতিষ্ঠিত কমিউনিস্ট চীন আসলে ‘মিডিয়ার সৃষ্টি’। এর কোন অস্তিত্ব নেই। এমনকি জাতিসংঘের দেয়া ভেটো ক্ষমতা, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদও তাইওয়ানের হাওয়ালায় ছেড়ে দেয়া হয়।

    বিগত শতকের ষাটের দশক থেকে পরিস্থিতি বদলাতে থাকে। বাস্তবতাকে স্বীকার করে পশ্চিমা অক্ষ নকল চীনকে নিয়ে পড়ে না থেকে আসল চীনের সাথেও কার্যকরী কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্রয়াসী হয়। নিজে থেকে এগিয়ে গেলে মুখ রক্ষা হয়না, তাই আমেরিকা চীনের সাথে বুড়ো আঙ্গুল মেলাতে চীনের সবচেয়ে আজীজ মিত্র পাকিস্তানের শরণাপন্ন হয়। পাকিস্তান তখন সিয়াটো, সেন্টো চুক্তির আওতায় আমেরিকার সাথে অধীনতমূলক মিত্রতায় আবদ্ধ ছিলো।

    ১৯৬৮ সালের নির্বাচনে জয়ী হয়ে রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট হবার পর আসল চীনের সাথে সম্পর্কোন্নয়নে আমেরিকার তৎপরতা বৃদ্ধি পায়। এই কাজটার দায়িত্ব নেন নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। তিনি এতোই করিতকর্মা ও প্রভাবশালী হয়ে পড়েন যে প্রেসিডেন্ট নিক্সনের নিয়োগ করা পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স সম্পূর্ণ ব্রাত্য হয়ে পড়েন।

    একই সময়ে পাকিস্তানেও ক্ষমতার পালাবদল ঘটে। প্লুরিসি রোগে নাকাল প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানকে সরিয়ে তখন জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ক্ষমতায় এসেছেন। তিনি পররাষ্ট্র দফতর নিজের হাতে রাখলেও এই সময় পাকিস্তানের পররাষ্ট্রনীতি দেখভালে তাঁর দুই নিকটবর্তী অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস জি এম পীরজাদা ও লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান অগ্রগণ্য অবস্থানে থাকেন। ইয়াহিয়া খান আমেরিকার সাথে চীনের ভাব করিয়ে দেয়ার দায়িত্ব নেন।

    ১৯৭১ সালের জুলাইয়ে হেনরি কিসিঞ্জার এক সরকারী সফরে পাকিস্তান যান। সেখান থেকে সারা দুনিয়ার চোখে ধূলা দিয়ে তিনি বেইজিং গমন করেন। গোপন এই সফরে তিনি চীনের সর্বেশ্বর মাও সে তুং এবং প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সাথে বৈঠক করেন।

    সাত মাস পর ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারী মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার, পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স, ফার্স্ট লেডী প্যাট নিক্সন সহ এক বিরাট লটবহর নিয়ে চীনের রাজধানী গমন করেন। বেইজিং বিমানবন্দরে প্রেসিডেন্ট নিক্সন ও ফার্স্ট লেডী প্যাট নিক্সনকে স্বয়ং চৌ এন লাইন প্রটোকল দিয়ে এই সফরের উচ্চতা বাড়িয়ে দেন।

    পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সফরের পর বেইজিংয়ের সাথে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়। এমনকি তাইওয়ানের কাছ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনটিও চীনকে ফিরিয়ে দেয়া হয়।

    মহাথির মোহাম্মদকে দাওয়াত করে ইসলামাবাদ নেয়া, চীনের সাথে মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ক ও পাকিস্তানের সাথে চীনের বিদ্যমান বোঝাপড়ার ত্রিমুখী ট্রেন্ডকে এক সাথে জুড়তে গেলে এই প্রশ্ন জাগা স্বাভাবিক যে, চীনা অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণ ভ্রমর মালাক্কা প্রণালীর নিগাহবান রাষ্ট্রের সাথে পড়তি বোঝাপড়া ঝালাইয়ে বেইজিং কি ইসলামাবাদের সাহায্য নিতে চায়?

    সময় যতো গড়াবে, ততোই এটা স্পষ্টতা পাবে। এই মুহূর্তে বোধকরি আমি বাদে খুব কমই এই বিষয়টা নিয়ে কোন পাবলিক ডোমেইনে মত ব্যক্ত করেছে…!

    ©

    উপরের ছবি- গতকাল রাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ।

    নিচের ছবি- ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারী বেইজিংয়ে অবতরণ করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ফার্স্ট লেডী প্যাট নিক্সনকে প্রটোকল দিচ্ছেন কমিউনিস্ট চীনের দুই প্রবাদ পুরুষের একজন প্রধানমন্ত্রী চৌ এন লাই। প্রেসিডেন্ট নিক্সনের ওই সফরকে যেকোন কিছুর নিরিখেই একটি সত্যিকারের ঐতিহাসিক সফর বলা চলে, যা ওয়াশিংটনের এশীয় মিত্র ইসলামাবাদের প্রযোজনায় সম্পাদিত হয়েছিলো।

    তবে নিক্সন প্রশাসন এক্ষেত্রে পাকিস্তানকে কেবলই টিস্যু পেপারের মতো ব্যবহার করেছিলো। তখন পাকিস্তান ভাঙ্গনের মুখে ছিলো। মার্কিন প্রশাসন স্রেফ ফাঁকা বুলি আউড়ানো ছাড়া পাকিস্তানের জন্য আর কিছুই করেনি।

  • বলা চলে বিশ্বের জন্য একপ্রকার চমকের জন্ম দিয়েই হঠাৎ করে ইস্তিফার ঘোষণা করেছেন আয়তনে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ কাজাখস্তানের লৌহমানব নূর সুলতান নাজারবায়েভ। ১৯ মার্চ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রদত্ত এক ভাষণে প্রেসিডেন্টের পদ ছেড়ে দেয়ার ঘোষণা দেন ৭৮ বছর বয়সী এই নেতা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দৃঢ় হাতে বেশুমার প্রাকৃতিক সম্পদে বলীয়ান কাজাখস্তান শাসন করে আসছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাবেক এই নেতা, যিনি কাজাখ সোভিয়েত প্রজাতন্ত্রের শেষ প্রেসিডেন্টও ছিলেন। দীর্ঘ তিন দশকের শাসনামলে তিনি ফলপ্রসূ উপায়ে দেশজুড়ে গড়ে তুলেছিলেন নিজের জমকালো কাল্ট।

    নতুন প্রেসিডেন্ট হয়েছেন কাজাখস্তানের আইনসভার উচ্চকক্ষের স্পীকার ও নূর সুলতানের জমানায় বিভিন্ন সময় পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা কাসেম জোমরাত তোকায়েভ। আগামী বছর প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন পর্যন্ত ৬৫ বছর বয়সী কাসেম জোমরাত দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্বে থাকবেন। যদিও বলা হচ্ছে, দেশটির শক্তিশালী জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় দল নূর ওয়াতান পার্টির কতৃত্ব নাজারবায়েভ নিজের নিকটই এখনো রেখে দিয়েছেন।

    নূর সুলতান নাজারবায়েভ ছিলেন মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রসমূহের শেষ সোভিয়েত নেতা। এখন এই অঞ্চলের পুরানো নেতাদের মধ্যে কেবল টিকে আছেন তাজিকিস্তানের ইমাম আলী রহমান, যিনি ১৯৯২ সাল থেকে আছেন।

    সোভিয়েত ইউনিয়নের পতনের পর অভিনব ব্যবস্থা হিসেবে মস্কো থেকে স্বাধীন হওয়া দেশগুলোর নেতৃত্বে আসীন হন সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতারাই। এভাবে নূর সুলতান কাজাখস্তানের মালিক মোখতার বনে যান।

    তবে এই দশকে অবস্থার দৃশ্যমান পরিবর্তন হয়। এর সর্বপ্রথম নজির দেখা যায় সম্ভবত ককেশাস অঞ্চলের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, জোসেফ স্টালিনের মাতৃভূমি জর্জিয়ায়। ২০০৩ সালে পশ্চিমের নিকট ‘গোলাপ বিপ্লব’ নাম পরিচিত এক বেসামরিক অভ্যুত্থানে পশ্চিমাপন্থী তরুণ রাজনীতিবিদ মিখাইল শাকাশভিলির দ্বারা উৎখাত হন দেশটির প্রেসিডেন্ট এডওয়ার্ড শেভার্নাদজে। শেভার্নাদজে ছিলেন মিখাইল গর্বাচেভের আমলে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী। এরপর একে একে বেশিরভাগ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রেই নেতৃত্বে পরিবর্তন ঘটেছে।

    কাজাখস্তানে তিন দশকের কতৃত্ববাদী শাসন শেষে নূর সুলতান নাজারবায়েভের জমানা যখন শেষ হতে চলেছে, তখনো স্পষ্ট ধারণা নেই যে, কে হবেন কাজাখ লৌহমানবের স্থায়ী উত্তরসূরী, যিনি ২৭ লাখ ২৪ হাজার ৯০০ বর্গকিলোমিটার আয়তনের বিশাল এই দেশের কতৃত্ব অর্জন করবেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কাসেম জোমরাত তোকায়েভ পশ্চিমের অপছন্দ নন, বরং তিনি নিজেই নিজের প্রভাব বাড়াতে সচেষ্ট আছেন। গত বছরের মাঝামাঝিতে তিনি খোলাখুলিভাবেই বলেছিলেন, তিনি মনে করেন ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে নূর সুলতানের অংশ নেয়া উচিত হবে না। বলা বাহুল্য, এতোদিন কাজাখস্তানে অন্যান্য কতৃত্ববাদী দেশের মতোই নামকাওয়াস্তে নির্বাচন হতো, যাতে নাজারবায়েভ বেশিরভাগ ভোটে বিজয়ী ঘোষিত হতেন।

    বিভিন্ন মিডিয়া স্পেকুলেশনে নূর সুলতান নাজারবায়েভের উত্তরসূরী হিসেবে কাসেম জোমরাত ছাড়াও আলোচনায় আছেন জাতিতে উইঘুর ও দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা করিম মাসিমভ, রাশিয়ায় নিযুক্ত কাজাখ দূত ইমানগালি তাসমাগামবেতভ, নাজারবায়েভের জ্যেষ্ঠা কন্যা দারিয়া নাজারবায়েভা, কিংবা মেঝো জামাতা তাইমুর কুলিবায়েভ প্রমুখ।

    তবে আমার মনে হয়, নূর সুলতানের একজন শক্তিশালী উত্তরাধিকারী হতেন পারেন বর্তমান প্রধানমন্ত্রী আসকার মমিন। ৫৩ বছর বয়সী আসকার মমিন গত ২১ ফেব্রুয়ারীতেই প্রধানমন্ত্রী হয়েছেন। নিজের আশু বিদায়কে সামনে রেখেই নাজারবায়েভ নয়া প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন বলে অনুমান করা যায়। ফলে ধারণা করি, কাজাখস্তানের বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যেই প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকতে পারে।

    🌐 এখন আসা যাক মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রসমূহে নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তন এই অঞ্চল ঘিরে সামগ্রিক ভূরাজনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে সেই প্রসঙ্গে।

    মধ্য এশিয়া সম্ভবত বিশ্বের অল্প কয়েকটি অঞ্চলের একটি, যার ভূরাজনীতি শত শত বছর ধরে একই রয়ে গেছে। এই অঞ্চলের ভূরাজনীতির প্রধান নিয়ামক বড় বড় শক্তিধর রাষ্ট্রের সাথে এর ভৌগলিক সংযুক্তি। এর পশ্চিমে ইউরোপ, উত্তরে রাশিয়া, পূর্বে চীনের গোলযোগপূর্ণ শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, দক্ষিণে ইরান, আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া। এহেন ভৌগলিক অবস্থান ঐতিহাসিকভাবে তুর্কিস্তান নামে পরিচিত মধ্য এশীয় প্রজাতন্ত্রগুলোকে ভূরাজনীতির চাবিতে পরিণত করেছে। অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রসমূহের সাথে এক্ষেত্রে এখানকার আরেকটি তাৎপর্যপূর্ণ পার্থক্য হচ্ছে, এখানকার জনসংখ্যার বেশিরভাগ মুসলিম, যাদের ইসলামের সোনালী যুগে বর্ণাঢ্য অবদান ছিলো।

    মধ্যযুগে মধ্য এশিয়া ছিলো সভ্যতার বুদ্ধিবৃত্তির বাতিঘর। এই এলাকা মহান সব সাম্রাজ্যের সূতিগৃহও ছিলো। ভারতের মুঘল থেকে বাংলার ইলিয়াস শাহী রাজবংশ সকলের পিতৃভূমি এই এলাকাই ছিলো। সমরখন্দ, বোখারা, খীভা শহরের এই জমিন নিজের সাথে আরো বহু জমিনকে সভ্যতার আলোয় সমৃদ্ধ করেছে।

    এরপরও এই অঞ্চলে এখনো রাশিয়ার বিপুল প্রভাব আছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, রাশিয়া সাংস্কৃতিকভাবে এই অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী। অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে তুর্কিস্তানের মুসলিম রাজ্যগুলোর অবক্ষয়ের সূত্রে রুশ সাম্রাজ্য ক্রমে এই এলাকা অধিকার করে নেয়ার পর থেকে এখানকার মুসলিম সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের ব্যাপকভাবে রুশীকরণ করে। কমিউনিস্ট আমলে এর ব্যাপ্তি আরো সর্বগ্রাসী হয়ে পড়ে। এমনকি মানুষের মুসলিম নামগুলোও রাশিয়ান হয়ে পড়ে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন এক্ষেত্রে তেমন কোন পরিবর্তনই আনেনি। রুশ ভাষা এখনো এই অঞ্চলের পাঁচ স্বাধীন রাষ্ট্রের লিঙ্গুয়া ফ্রাঙ্কা।

    উদাহরণস্বরূপ, খাঁটি তুর্কিস্তানী ধাঁচে হয়তো নূর সুলতান নাজারবায়েভের নাম হতো নূর সুলতান নজর, অর্থাৎ সুলতানের আলোর উপহার বা জ্যোতি। তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমোনের নামের আসল উচ্চারণ যে ইমাম আলী রহমান, তা এখন ঠাহর করা অনেকের পক্ষেই মুশকিল হবে। ঐতিহ্যবাহী তুর্কী উচ্চারণ থাকলে হয়তো উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়ইয়েভের নাম হতো শাফকাত মীর্জা!

    যাহোক, বর্তমানে ভূরাজনীতির পাশা খেলায় মধ্য এশিয়া পশ্চিমের জন্য এক মূল্যবান রত্ন। এখানে প্রভাব বিস্তার করতে পারলে কেবল রাশিয়ার তলপেটে ঢোকাই সম্ভব হবে না, চীনের উপরও ফাঁস কষতে পারবে পশ্চিমা অক্ষ।

    আগেই লিখেছি, এই অঞ্চলে রাশিয়ার এখনো প্রভাবশালী অবস্থানে টিকে থাকার মুখ্য নিয়ামক এসব মুসলিম দেশে বিদ্যমান রুশ সাংস্কৃতিক আধিপত্য। কিন্তু কোনভাবে যদি এই অঞ্চলে ইসলামী পুনরুজ্জীবনবাদী মুহিম শুরু হয়ে যায়, তাহলে মধ্য এশিয়ায় রাশিয়ার মনোপলি বড়সড় হুমকির সম্মুখীন হবে।

    মধ্য এশিয়ার সন্নিহিত দেশ আফগানিস্তান। দেশটির উত্তর সীমানার জুড়েই উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। আফগানিস্তানের জনসংখ্যার প্রায় ৩৫% তাজিক। এছাড়াও প্রায় ১৫% মানুষ উজবেক ও তুর্কমান। সম্মিলিতভাবে এই পরিসংখ্যান সংখ্যাগুরু পশতুনদের ছাড়িয়ে যায়। আফগানিস্তান থেকে আমেরিকার চলে যাওয়ার সূত্রে এখানে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে রাশিয়া। যে তালেবানের বিরুদ্ধে রুশদের দীর্ঘ রক্তক্ষয়ী ও অসফল এক যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিলো, সেই তালেবানদের এখন ভরপুর রাজনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে ক্রেমলিন।

    এমতাবস্থায় আফগানিস্তান নতুন করে আঞ্চলিক অশান্তির সূত্রপাত ঘটাতে যাচ্ছে। কয়েকদিন আগে কোথায় যেন পড়লাম, সিরিয়া ও ইরাকে ব্যর্থতার পর এখন নাকি দায়েশ তথাকথিত খেলাফতের মূল ভরকেন্দ্র হিসেবে আফগানিস্তানের উত্তরাংশকে বেছে নিতে যাচ্ছে। এটা সত্যি হলে এর তাৎক্ষণিক প্রভাব মধ্য এশিয়ার পাঁচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অর্থাৎ উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানে পড়বে। অর্থাৎ আফগানিস্তান, অথবা এমনকি মধ্যপ্রাচ্যে রাশিয়ার সাথে সংঘাতের ভরকেন্দ্র বা সেন্টার অভ গ্র্যাভিটি আমেরিকা রাশিয়ার পেটের মধ্যে অবস্থিত মধ্য এশিয়ায় ছড়িয়ে দেয়ার চেষ্টা করতে পারে।

    অপরদিকে, গোলযোগপূর্ণ শিনজিয়াং এই এলাকার চৌহদ্দিতে থাকায় এখান থেকে চীনকে বিপদগ্রস্ত করার চেষ্টা করতে পারে ওয়াশিংটন।

    একে একে মধ্য এশিয়ার মস্কোপন্থী শাসকদের সরে যাওয়া মস্কো ও বেইজিংয়ের সামনে এই বিপদই এনেছে। এমতাবস্থায়, প্রাচ্য অক্ষ যেকোন উপায়ে মধ্য এশিয়ায় নিজেদের রসুখ বজায় রাখতে চাইবে। অপরদিকে পাশ্চাত্য অক্ষ ঠিক এর উল্টা চাইবে। এর জন্য তারা ইসলামকে ব্যবহার করার পথে হাঁটতে পারে। অতীতেও পশ্চিমা অক্ষ সোভিয়েত ব্লককে প্রতিহত করতে ধর্মকে কাজে লাগিয়েছে।

    এতোদিনের কতৃত্ববাদী, দুর্নীতিগ্রস্ত ও ইসলামের প্রতি খড়গহস্ত মধ্য এশীয় একনায়কদের দিন ফুরিয়ে আসা সেখানে ইসলামী পুনর্জাগরণবাদী আন্দোলনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। তাছাড়া এমন সমৃদ্ধ অতীত যেখানকার মানুষের, সেখানে পুনরুজ্জীবনবাদী আন্দোলন জোরদার হওয়া ভবিতব্যের মতোই। যদিও তা এখনো দৃশ্যমান নয়, তবে মধ্য এশিয়া কেন্দ্রিক ভূরাজনীতি সুপ্ত এই আগুনে বারুদের শলাকা নিক্ষেপ করতে পারে…!

    ©

    ছবি- টেলিভিশনে নিজের পদত্যাগের ঘোষণা দেয়ার সময় কাজাখ লৌহমানব নূর সুলতান নাজারবায়েভ।

  • ০৪/০১/১৭

    ১৯৪৭ সালের দেশভাগের সাথে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা তথা পাকিস্তানের বিভক্তিকে ইচ্ছাকৃতভাবেই ঢালাও নজরে প্রচার করার প্রবণতা দেখা যায় অখণ্ড ভারতপন্থী গবেষকদের মধ্যে। এক্ষেত্রে বিজেপির সাবেক নেতা সুধীন্দ্র কুলকার্নি কোন ছাড়, মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি প্রশস্তিসূচক বই লিখে বিজেপি ছাড়া হওয়া ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিংও এই প্রবণতা ত্যাগ করেননি। 

    নিজেদের পাশাপাশি অখণ্ড ভারতপন্থীদের এদেশীয় বরকন্দাজ বহর দিয়েও বারবার এই প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি করার প্রয়াস চললেও ১৯৭৩ সালেই আবুল মনসুর আহমদ পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি মনে করতেন, দ্বিজাতিতত্ত্ব তো নয়ই, বাংলাদেশের স্বাধীনতা এমনকি পাকিস্তানকেই খণ্ডিত করেনি। বরং  লাহোর প্রস্তাবের প্রাথমিক দফা অনুযায়ী উপমহাদেশের পূর্বাঞ্চলে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম বাংলাদেশ!
    বস্তুত, ভারতীয় লেখকরা একদিকে যেমন বলে যান, বাংলাদেশের স্বাধীনতা দ্বিজাতিতত্ত্বকে খণ্ডন করেছে, অপরদিকে তারাই হরদম এদেশে সাম্প্রদায়িকতার তথাকথিত ক্রমবর্ধমান বিস্তার নিয়ে মনের মাধুরী মিশিয়ে লিখে থাকেন। তাদের লেখাগুলোকে ধর্তব্যে নিলেও এটাই প্রতীয়মান হয় যে, দ্বিজাতিতত্ত্ব ব্যর্থ হয়নি। বরং বাংলাদেশের স্বাধীনতা তাকে পত্রপল্লবে বিকশিত করেছে।
    এই যখন পরিস্থিতি, তখন আর প্রস্তাবিত কনফেডারেশন নিয়ে বলার কিছু থাকেনা। আজকের ভারতের জনকগণ সেই ট্রেন কমপক্ষে দুইবার নিজেদের সংকীর্ণতার জন্য মিস করে গেছেন। এর একটি জিন্নাহর চৌদ্দ দফা। আরেকটি কেবিনেট মিশন প্ল্যান, যা মুসলিম লীগ মেনে নিয়েছিলো।
    চৌদ্দ দফা আর কেবিনেট মিশন প্ল্যানের মতো অখণ্ড ভারতের অনুকূলে প্রণীত সংবেদনশীল প্রস্তাবগুলো পরিত্যক্ত হবার একটিই মানে। তা হচ্ছে, ভারতীয় নেতৃত্বই মুসলিমদের সাথে সাম্যের ভিত্তিতে সহাবস্থানে রাজী ছিলোনা। এটা যে ভুল ছিলো, এমন কোন আনুষ্ঠানিক স্বীকারোক্তিও তেমন একটা পরিলক্ষিত হয় না।
    তারপরও বারবার খুঁচিয়ে খুঁচিয়ে অখণ্ড ভারতের প্রসঙ্গ এনে এরা একটা বিষয়ই বুঝাতে চান। আর তা হচ্ছে তারা অখণ্ড ভারতে সহাবস্থান নয়, জোর যার মুলুক তার নীতিতেই থাকতে স্বপ্ন দেখেন। অখণ্ড ভারতে মুসলিমদের সামাজিক অবস্থান ঝুঁকিপূর্ণ, যার সূত্রে অর্থনৈতিক অবস্থানও নড়বড়ে হতে বাধ্য…!

  • সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশকে সক্রিয়ভাবে পেতে সৌদি আরব এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন সময়ে এই জোটের সদস্য হলেও বাংলাদেশ জোটের অধীন সক্রিয় সামরিক তৎপরতায় শামিল হতে রাজী ছিলোনা। কিন্তু এই বিষয়টা এখানেই থেকে থাকেনি। সৌদি আরব বাংলাদেশ থেকে কমব্যাট সাপোর্ট পেতে বদ্ধপরিকর রয়েছে, যেমনটা পাকিস্তানের ব্যাপারে আছে। বস্তুত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সক্রিয় সামরিক সহায়তা পেতে সৌদি আরব যতোটা নাছোড়বান্দা, অন্য সদস্য রাষ্ট্রসমূহের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। এটা বাংলাদেশের সামরিক সক্ষমতার একটি স্বীকৃতি।

     

    আজ প্রথম আলোতে ইসলামী সামরিক জোটে বাংলাদেশকে সক্রিয়ভাবে শামিল করতে সৌদি আরবের তৎপরতার বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ২০১৫ সালের ডিসেম্বরে সৌদি উপযুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে স্থাপিত হওয়া এই জোট এখনো বিকাশের পর্যায়ে আছে। এই পর্যায়ে সৌদি আরব বাংলাদেশ ও পাকিস্তানের সক্রিয় সামরিক সহায়তার উপর নির্ভর করতে চায়। রিয়াদের এই তাড়নার কারণ অনুমেয়। বিশেষত ইয়েমেনের যুদ্ধে প্রমাণিত হয়েছে, আরব রাজতন্ত্রসমূহের সামরিক বাহিনীগুলো অস্ত্রবলে মহা বলীয়ান হলেও তাদের যুদ্ধ করার সক্ষমতা নেহায়েত নড়বড়ে। এমনকি আরব জেনারেলরাও তেমন কোন দক্ষতা দেখাতে পারেননি। উল্টা, ইয়েমেনের যুদ্ধ শুরু হবার পর যুদ্ধের চাপ সহ্য না করতে পেরে হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আহমদ আল শালান মারা যান।

     

    এসব কারণ সৌদি আরবকে আরবের বাইরের কিছু শক্তপোক্ত আর্মির পিছু নিতে হয়েছে। এক্ষেত্রে তারা পাকিস্তান বা বাংলাদেশের বিকল্প দেখতে পায়নি। বহু টানাহেঁচড়ার পর পাকিস্তান কিছুটা নমনীয় হয়েছে। বাংলাদেশও সম্ভবত নমনীয় হতে চলেছে, যার ইশারা হিসেবে গত মাসের শুরুর দিকে সৌদি আরব থেকে আসা দুই আলেমকে আশাতীত সংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁদের প্রটোকল দিয়েছেন স্বয়ং প্রধান সেনাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। গত ২২ এপ্রিল সৌদি সরকার ঢাকা সেনানিবাসে ওমরাহ ফেয়ার চালু করেছে, যার দ্বারা সামরিক বাহিনীর সদস্যরা অতি সহজে সৌদি সরকারের মেহমান হিসেবে পরিবার-পরিজন নিয়ে ওমরাহ করতে পারেন।

    76.-10-04-2017-1
    গত ১০ এপ্রিল ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে মসজিদুল হারাম ও মসজিদে নববীর দুই শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আসরের জামাতে স্বাগত জানান প্রধান সেনাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মদিনার মসজিদের ইমাম মুহাম্মদ বিন নাসির বিন মুহাম্মদ আল খুযাইমের ইমামতিতে নামাজ পড়ে ২৫০০ সৈনিক সহ ঊর্ধ্বতন জেনারেলগণ এই দুই আলেমের বয়ান শোনেন।

     

    যাহোক, সৌদি সামরিক জোটে যোগদানের প্রক্রিয়া নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে রিয়াদ সফর করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমদ সিদ্দিক। তখন সৌদি আরবের প্রতিরক্ষা স্থাপনা নির্মাণ, সেগুলোর রক্ষণাবেক্ষণ, মাইন অপসারণ, বিমানবাহিনীর উড়োজাহাজের পরিচর্যা নিয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়েও আলোচনা হয়। এরপর আগস্টে সৌদি সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান ঢাকায় আসেন। গত সপ্তাহে বিজিবির কমান্ডার মেজর জেনারেল আবুল হোসেন রিয়াদ সফরে গিয়ে সীমান্ত সুরক্ষার বিষয়ে বাংলাদেশ কীভাবে সৌদি আরবকে সহযোগিতা করতে পারে, তা নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে রিয়াদে পাঠানো হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানকে। এই সময়ে সৌদি কর্মকর্তারা সামরিক জোটে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের সনির্বন্ধ আহবানের পুনরুক্তি করেন।

    তবে ইসলামী সামরিক জোটে যোগদানে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী বিরোধিতা করবে। প্রথম আলোর প্রতিবেদনে প্রতীয়মান হয়, একটা বিশেষ গোষ্ঠী কোনভাবেই চাইবে না, বাংলাদেশ এই জোটে যোগ দিক। তবে আমি মনে করি, সৌদি সামরিক জোটে যোগদান বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এর দ্বারা কূটনৈতিক পর্যায়ে আরব বিশ্বে বাংলাদেশ তার হারানো স্থান ফিরে পেতে পারে, এটা তো সামান্য প্রসঙ্গ, অধিকিন্তু এই বিষয়টা বাংলাদেশের নিজস্ব জাতীয় নিরাপত্তার জন্য হতে পারে একটা বিরাট বিনিয়োগ বা রক্ষাকবচ। যখনই বাংলাদেশ সামরিক জোটে সক্রিয় হবে, তখনই বাংলাদেশের প্রতিরক্ষা ভাবনা শুধু আর বাংলাদেশের থাকবে না, আরও বহুজনের হয়ে যাবে। প্রতিরক্ষা খাতে মধ্যপ্রাচ্যের বিনিয়োগের দ্বার খুলে গেলে বাংলাদেশের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একটা বড় সহায়ক শক্তি লাভ করবে। এমনকি প্রতিরক্ষা খাতে যেকোনো উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তহবিলের জন্যও বাংলাদেশকে ভাবতে হবে না।

    শুধু তাই নয়, সামরিক জোটে সক্রিয় হয়ে বাংলাদেশ আফ্রিকার চেয়েও বড় উপায়ে সামরিক কূটনীতির আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশগুলোতে নিজেকে অনন্য অবস্থানে পৌঁছাতে পারে। এর নজির অতীতেও দেখা যায়। উপসাগরীয় যুদ্ধের পর, যুদ্ধ বিধ্বস্ত কুয়েত পুনর্গঠনে শামিল হয়েছিলো বাংলাদেশ সামরিক বাহিনী। বাংলাদেশী সেনারা কার্যত একক প্রচেষ্টায় কুয়েত থেকে হাজার হাজার টন মাইন ও গোলাবারুদ অপসারণে সফল হয়। এর সূত্র ধরে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বাংলাদেশকে বাকিতে তেল সরবরাহ শুরু করে। বস্তুত, কুয়েতে মাইন অপসারণ ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ এতোই সুনাম অর্জন করে যে, আজো সৌদি আরব বাংলাদেশের সামরিক সহযোগিতা লাভে যে বুনিয়াদী প্রস্তাবগুলো দিয়েছে, তার প্রথম হচ্ছে সৌদি ভূখণ্ড থেকে মাইন অপসারণের!

    পুরো ব্যাপারটির সম্ভাবনাকে আরও বড় করে দেখা যায়। আমরা দেখেছি, বিগত দুই বছরে চীন মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় হবার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। শি জিনপিং কতৃক পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহবানের মধ্য দিয়ে এর সূত্রপাত। এরপর আমরা দেখেছি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ব্যতিক্রমধর্মী সফরে চীন গিয়ে অনেকটা আনুগত্য স্বীকারের মতো করে চীনা নেতৃত্বের হিমায়েত করছেন। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। চীনের সাথে বাংলার নিবিড় মিত্রতা বাংলাদেশকে চীন ও আরবের মধ্যে সেতুবন্ধনের ভূমিকায় আসীন করতে পারে, যার তাৎপর্য আক্ষরিক অর্থেই অপরিসীম।

    অনেকেই এই পর্যায়ে ভাববেন, চীন ও আরবের সেতুবন্ধন হতে বাংলাদেশ কখনো পাকিস্তানকে টেক্কা দিতে পারবে না। কিন্তু এই যুক্তি খণ্ডনের যথেষ্ট অবকাশ আছে। ভূরাজনৈতিকভাবে আন্তর্জাতিক ছত্রছায়ার বিনিময়ে চীন পাকিস্তানকে স্বীয় স্বার্থে ব্যবহার করছে। অথচ বাংলাদেশের ক্ষেত্রে তা নয়। চীন ও বৈরি প্রতিবেশী ভারতের মধ্যকার দ্বৈরথের মূল ভরকেন্দ্র ভারতের উত্তরপূর্বের বিচ্ছিন্নতাবাদ কবলিত সাত রাজ্য। এই অঞ্চলকে নিজ নিজ অনুকূলে ব্যবহার করতে চীন ও ভারতের বাংলাদেশের উপর নির্ভর করা ছাড়া কোন উপায় নেই। এটা সম্ভব হয়েছে, চীনের সাথে বাংলাদেশের সরাসরি স্থল সীমান্ত না থাকা, এবং একই সাথে ভারতের পেটের ভেতরে থেকে ভৌগলিকভাবে সাত বোন রাজ্যকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখা।

    ভূগোলের এহেন আশীর্বাদ বাংলাদেশকে সাত বোনের নিরাপত্তার প্রধান নিয়ামক হিসেবে প্রতিষ্ঠা করেছে। এজন্য বাংলাদেশ পাকিস্তানের মতো চীনের কাছে বাঁধা নয়। বাংলাদেশের এহেন অনুপম ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ হতে পারে চীনের জন্য একটি প্রভাবশালী ফ্যাক্টর। এর সূত্র ধরে হতে পারে চীন ও আরবের মধ্যে প্রধান সেতুবন্ধন।

    যাহোক, সৌদি নেতৃত্বাধীন ইসলামী সামরিক জোটে বাংলাদেশের যোগদানের বিপক্ষে যেসব যুক্তি আসে, সেগুলো হচ্ছে, ইয়েমেনে সৌদি আরবের বিতর্কিত ভূমিকা ও এর সাথে শিয়া-সুন্নি বিভেদ, ইরানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের বিষয়টি। কিন্তু আমি দেখতে পাচ্ছি, সামরিক জোটে থাকা না থাকার বিষয়ে চালকের আসনে সৌদি আরব নয়, বাংলাদেশ। সৌদি আরব ব্যাকুল হয়ে জোটে বাংলাদেশের অংশগ্রহণ চাচ্ছে। ফলে সৌদি আরব নয়, সামরিক জোটের কি ভূমিকা হবে, তা নির্ধারণে উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে বাংলাদেশের।

    এই প্রভাব ও প্রতিপত্তি নিশ্চিত করতে বাংলাদেশকে আরও বেশি করে জোটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আরবরা বুদ্ধিবৃত্তিক দিকটিও নিজেদের হাতে রাখতে পারবে না। এক্ষেত্রে পাকিস্তান এগিয়ে আসতে পারে। যদি তা হয়, তবে বাংলাদেশ গতানুগতিকভাবে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়েই থাকবে।

    প্রাথমিকভাবে সৌদি সরকার সন্ত্রাসবিরোধী জোটের তদন্ত প্রক্রিয়া ও গবেষণার মতো কাজে বাংলাদেশের মাঝারি পর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত করার কথা ভাবছে। কিন্তু বাংলাদেশের উচিত, একে সম্প্রসারিত করে জোটে ঊর্ধ্বতন জেনারেলদের শামিল করতে সচেষ্ট হওয়া। মাঝারি পর্যায়ের অফিসাররা সামরিক জোটের শীর্ষ নীতিনির্ধারণে ছাপ রাখতে পারবেন না। এটা ভালো করতে পারবেন, কমান্ড সেন্টারে বিভিন্ন দায়িত্বে মোতায়েন বাংলাদেশী জেনারেলগণ। আর বাংলাদেশী জেনারেলগণের প্রভাবকে সমুন্নত রাখতে প্রয়োজনে সীমিত আকারে কমব্যাট ডিউটিতেও বাংলাদেশকে শামিল করা যায়। এক্ষেত্রে বিজিবিকে শামিল করা তাৎপর্যপূর্ণ। অতীতে কখনো মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে তৃতীয় কোন দেশের আধাসামরিক বাহিনীকে সম্পৃক্ত করার কথা ভাবেনি। শুধু কর্মরত জেনারেলই নন, সদ্য অবসরে যাওয়া জেনারেলদের সার্বক্ষণিকভাবে বাংলাদেশ রিয়াদে সামরিক জোটের সদর দফতরে নিয়োজিত করতে পারে বাংলাদেশ। খোদ সামরিক জোটের কমান্ডার ইন চীফ অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফই এক্ষেত্রে সবচেয়ে প্রণিধানযোগ্য উদাহরণ।

    নানাবিধ দৃশ্যমান দুর্বলতা, এমনকি অসঙ্গতির পরও সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামী সামরিক জোট একটি সম্ভাবনাময় রাজনৈতিক ও সামরিক জোট হবার ক্ষমতা রাখে। জোটের লক্ষ্য ও উদ্দেশ্য এবং গতিধারা ঠিক করতে রমজানের পর সদস্য রাষ্ট্রসমূহের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন আহবান করা হয়েছে। সম্ভবত এতে বাংলাদেশের পক্ষে জেনারেল তারিক যোগ দেবেন। এই সম্মেলন গুরুত্বপূর্ণ। সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা খাতের জন্য স্বীয় দরজা অবারিত করেছে। এর বহুমুখী সুবিধা অন্বেষণে বাংলাদেশ যেন ভুল না করে। বিরলতম এই সুবর্ণ সুযোগের ট্রেন যেন আমরা মিস না করে ফেলি। অবশ্য ট্রেনে চড়তে হলে, তার নিয়ন্ত্রক হয়েই যেন চড়তে পারা যায়, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের সামনে গৌরব হাতছানি দিচ্ছে। এই গৌরব কোন মরীচিকা নয়। সঠিক পথে, সুকৌশল ও সাহসের সাথে চললে বাংলাদেশ শুধু বিশ্বকেই নয়, এর সবচেয়ে আশাবাদী সন্তানটিকেও বিস্ময়াবশ করে ছাড়বে ইনশা আল্লাহ…!

    ©কপিরাইট সংরক্ষিত

  • 7902_Kashmir_Violent
    আজ বিবিসি বাংলায় কাশ্মীর পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে। “কাশ্মীর কি ভারতের হাতছাড়া হতে চলেছে?” শিরোনামের এই প্রতিবেদনের সারমর্ম হচ্ছে, বিগত সাত দশকের মধ্যে এই প্রথম কাশ্মীরের পরিস্থিতি এতোই বিস্ফোরক হয়ে উঠেছে যে, ভারত আর সামরিক শক্তির দ্বারা কাশ্মীর ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। লিংক- http://www.bbc.com/bengali/news-39719444?ocid=socialflow_facebook
    ভারতের অধীনতা থেকে কাশ্মীরের মুক্তির বিষয়ে অসংখ্য আশাবাদ আছে। কিন্তু যখন তা কোন ব্রিটিশ প্রচারমাধ্যম থেকে আসে, তখন তাতে ভ্রুকুঞ্চন হয় বৈকি! কারণ এ কথা অনেকেরই অবিদিত নয় যে, কাশ্মীরের সমস্যার মূল উদ্গাতা ব্রিটিশরাই। আজকের দিনে এই কথা আর গোপন নেই যে, কিভাবে ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন নিরপেক্ষতার ভেক ধরে কংগ্রেস এবং ভারতের পক্ষে একের পর এক দেশীয় রাজ্যকে ভারতের সাথে যোগ দেয়াতে প্ররোচিত, এবং ক্ষেত্র বিশেষে জবরদস্তী করেছেন। তখনকার দিনের এসব কর্মকাণ্ডের একনিষ্ঠ সহচর ভাইসরয়ের তৎকালীন রাজনৈতিক সচিব ভি পি মেনন মৃত্যুর আগে সব লিখে গেছেন!
    যাহোক, ইতিহাসে প্রথমবারের মতো এবার কেন ব্রিটিশ প্রচারমাধ্যমে কাশ্মীরের স্বাধীনতার কথা জোরেশোরে উচ্চারিত হচ্ছে? এই ব্যাপারে একটা সম্ভাবনার চিন্তা মনে দানা বাঁধছে। সময়মত লিখবো
    যাহোক, কাশ্মীর সংকটের রাজনৈতিক সমাধানের কথা এখন কার্যত মূলধারার আলোচনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমনকি গতবছরের সেপ্টেম্বরে কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত ভারত সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদা কাশ্মীর সংকটকে আর বন্দুকের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় বলে মত দিয়েছিলেন। গতকাল বা পরশু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে রাজনৈতিক সমাধান বের করার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজনৈতিক দলগুলো মানুষের নীরব বয়কটের মুখে পতিত হওয়াতেই আর্তনাদের মতো সেসব দলের লোকজন, কাশ্মীর ভারতের হাতছাড়া হচ্ছে বলে চেঁচানো শুরু করেছে।
    কাশ্মীর সংকটের রাজনৈতিক সমাধানে ‘রাজনৈতিক’ এবং ‘সমাধানের’ প্রশ্ন আছে। এই দুই প্রশ্ন আবার অর্থহীন হয়ে পড়ে, যদি এদের আগে ‘গ্রহণযোগ্য’ শব্দটি না বসে। এখন কাশ্মীর সংকটের গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান কি? এক বাক্যে বলে গেলে, কাশ্মীরে ভারতের উপস্থিতিই কাশ্মীর সংকটের মূল। ফলে যেকোনো গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মূল কথা, ভারত কতৃক কাশ্মীরকে ছেড়ে দেয়া।
    800px-Kashmir_region_2004
    কাশ্মীর ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত হয়ে আছে। যদি ভারত জম্মু কাশ্মীর ছেড়ে দেয়, তবে কি চীন ও পাকিস্তানও তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর ছাড়বে?

    কিন্তু ভারত যদি কাশ্মীর ছেড়েই দেয়, তবে চীন আর পাকিস্তনের কাছে থাকা কাশ্মীরের কি হবে? স্বভাবতই তখন তারা ভারতের অনুগামী হবে না। সম্প্রতি পাকিস্তান গিলগিট-বালতিস্তানকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আইনত এই অঞ্চলকে তারা কাশ্মীরের অন্তর্ভুক্ত রাখতে চায় না।

    শুধু ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর যদি স্বাধীন হয়, তবে এটি একটি দুর্বল বাফার রাষ্ট্রে পরিণত হবে। শুধু তাই নয়, বিগত বছরগুলোতে বিশেষত জম্মুতে প্রচুর হিন্দু অভিবাসন ঘটিয়ে কাশ্মীরের জনমিতির পরিবর্তন ঘটানো হয়েছে। জম্মু কাশ্মীরের ২৫ থেকে ৩০ শতাংশ হিন্দুর সাহায্যে ভারত কাশ্মীরকে দাবিয়ে রাখতে চাইবে। একইভাবে পাকিস্তানও চাইবে না, জম্মু কাশ্মীর অর্থ ও অস্ত্রে এমনভাবে বলীয়ান হোক, যাতে করে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর বা গিলগিট বালতিস্তানে স্বাধীনতার দাবীতে অস্ত্রের ঝংকার শুরু হোক। কারণ এই দফা যদি অস্ত্রের ঝলকানি শুরু হয়, তবে তাতে ঘি ঢালবে তো ভারত! এজন্যই পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে তেমন একটা চটকদার পদক্ষেপ নেয়নি। তাছাড়া কাশ্মীর সংকটের অন্যতম বৃহত্তম অংশীদার চীন কাশ্মীরের সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে কি ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।

    যাহোক, কাশ্মীরকে ভারত রাখতে পারুক বা না পারুক, এই প্রসঙ্গে বরাবরই যুদ্ধংদেহী অবস্থান নিয়ে আসা ভারতের হিন্দুত্ববাদীদের ল্যাঙট খুলে যাবার দশা সতত বিনোদনের। ২০১৪ সালের নির্বাচনের আগে কাশ্মীর ইস্যুতে ভারতের দাগা অনেক তোপের আওয়াজ আমরা পেয়েছি। বলা হয়েছিলো, বিজেপি ক্ষমতায় গিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদাসূচক ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেবে। এই অনুচ্ছেদে কাশ্মীরকে প্রদেশ নয়, বরং একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক একক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিলো, যার অধীন কাশ্মীর নিজস্ব পতাকা, এমনকি সংবিধানের অধিকারীও হয়েছে। মজার বিষয় হচ্ছে, ৩৭০ অনুচ্ছেদ নিয়ে হৈচৈ শুরু করার আগে বিশ্বের অনেক মানুষ কাশ্মীরের আলাদা পতাকা, সংবিধান, ও ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় বর্ধিত কলেবরের স্বায়ত্তশাসনের ব্যাপারে জানতোই না।

    অথচ ক্ষমতায় আসার পর বিজেপি সরকার কাশ্মীর নিয়ে এমন এক ফাটা বাঁশে ফেঁসে পড়েছে, যাতে তার শ্যাম রাখি কি কুল রাখি দশা হয়ে গেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন কাশ্মীরে ভারত সবচেয়ে বেশি নৈতিক বৈধতার সংকটে পতিত হয়েছে। আর এর উপজাত হিসেবেই আসছে, কাশ্মীরের সংকটের রাজনৈতিক সমাধানের কথা, যা আগে ভারতে কখনো আলোচিত হবার মতো এতো উন্মুক্ত পরিবেশ পায়নি! তবে এটা বাস্তব যে, ভারতে গণতান্ত্রিক মেঠো রাজনীতি, তথা জনপ্রিয়তামুখী রাজনীতির প্রাতিষ্ঠানিক ভিত্তি এতো সুদূর প্রোথিত যে, কোন রাজনৈতিক সরকারের পক্ষে কাশ্মীরের ব্যাপারে বড় কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। বর্তমান বিজেপি সরকারের পক্ষে তো কাশ্মীরের স্বায়ত্তশাসন বাড়ানোও মুশকিলের কাজ। সেক্ষেত্রে ভারতে কাশ্মীর সংকটের রাজনৈতিক সমাধান অনুসন্ধানের যে রব উঠেছে, তার ভিত্তি কি? ভারত কি কাশ্মীরের মুসলিমদের দাবী মোতাবেক কাশ্মীর ছেড়ে দিতে প্রস্তুত…?

  • বহু বছর ধরে ফল্গুধারার মতো বিরাজিত হলেও ২০০৮ সাল থেকে দক্ষিণ সীমান্ত হঠাৎ করে থেকে থেকে অশান্তি দেখা দিতে শুরু করে। সেবার অচিহ্নিত সীমান্তে বাংলাদেশের দাবি করা সমুদ্রসীমার মধ্যে ব্রহ্মদেশ তেল-গ্যাস অনুসন্ধান চালানোর চেষ্টা করে। এ সময় বাংলাদেশের সেন্ট মার্টিনের দক্ষিণে খনিজ অনুসন্ধান কাজ অব্যাহত রাখার জন্য বার্মা নৌবাহিনীর জাহাজ পাঠালে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জবাবে বাংলাদেশও উপদ্রুত এলাকায় চারটি যুদ্ধজাহাজ পাঠায় এবং সীমান্তে সেনা সমাবেশ করে। এক পর্যায়ে নৌবাহিনীর রণতরী বিএনএস উমর ফারুক ধাওয়া করে খনিজ অনুসন্ধানের একটি দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়।

    এই নিয়ে ২০০৮ সালের মাঝামাঝি সময় থেকেই যুদ্ধাবস্থা শুরুর মতো উত্তেজনা শুরু হয়ে যায়। আমার মনে আছে, তখন কিছুক্ষণ পরপরই ঢাকার আকাশে উড়ন্ত জঙ্গিবিমানের আওয়াজ শোনা যেতো। দক্ষিণে বাংলাদেশের সামরিক উপস্থিতি তখন ছিলোনা বললেই চলে। জরুরী ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদল এনে কক্সবাজারের ইনানি থেকে শুরু করে রামু পর্যন্ত পাহাড়ের খাঁজে খাঁজে অস্থায়ী ফাঁড়ী সৃষ্টি করে সেনা মোতায়েন করা হয়েছিলো। ২০১১ সালে কক্সবাজার ভ্রমণে গিয়ে এমন কিছু পরিত্যক্ত ফাঁড়ী আমি দেখেছিলাম। এরপর অত্র এলাকায় একটি শক্তিশালী পদাতিক ডিভিশন স্থাপনের কাজ শুরু হয়। যার ধারাবাহিকতায় রামুতে স্থাপিত হয়েছে দশম পদাতিক ডিভিশন।

    বাংলাদেশ ও ব্রহ্মদেশের মধ্যে বৈরিতা আরও স্পষ্ট হয়ে উঠে ২০১২ সালে শুরু হওয়া রোহিঙ্গা গণহত্যা থেকে। এরপর থেকে চলেই যাচ্ছে। এর মধ্যে কখনো কখনো দুই দেশ সংক্ষিপ্ত সীমান্ত সংঘাতে জড়িত হয়েছে। এখনও বার্মার বিরুদ্ধে শক্ত সামরিক পদক্ষেপ নেয়ার দাবী বিরাজমান। এই দাবী এতোটা সুদূরে পৌঁছেছে যে, কিছুদিন আগেও এক বিদেশী রাষ্ট্রদূতের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী আরাকান সংকটের সামরিক সমাধানের বিষয়ে মতামত ব্যক্ত করতে বাধ্য হয়েছিলেন।

    যাহোক, বাংলাদেশ ও ব্রহ্মদেশের মধ্যকার যেকোনো উত্তেজনার বিষয়ে যখনই আলোচনা আসবে, তখনই অবধারিতভাবে চলে আসবে নাফ যুদ্ধের কথা। ২০০০ সালের ৮ জানুয়ারী এই যুদ্ধ শুরু হয়েছিলো। তিন দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের ২৫০০ সৈন্য ঝাঁপিয়ে পড়েছিলো ব্রহ্মদেশের সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল ২৫০০০ এর মতো।

    নাফ যুদ্ধের পটভূমি

    আজ থেকে আঠারো বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত যুদ্ধের বেশ প্রলম্বিত একটি পটভূমি ছিল। ১৯৬৬ সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী সমসাময়িক সময়ের নাফ নদীর খাতের মধ্যস্থিত অংশকে দুই দেশের সীমান্ত রূপে নির্দিষ্ট করা হয়। ব্রহ্মদেশের অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী বার্মা সেই প্রশাখাসমূহে এমন কোন পদক্ষেপ নিতে পারতো না, যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে না পারে। কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিলো।

    কিন্তু রেঙ্গুন এই চুক্তি অগ্রাহ্য করে ২০০০ সাল নাগাদ বারোটির মধ্যে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলার দিকে সরে আসে, এবং প্রায় ২৫০০ একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। ২০০০ সালে বার্মা সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে উদ্যোগী হলে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয়। কয়েক দফা দুই দেশের মধ্যে উত্তপ্ত ও অশোভন ভাষায় চিঠি চালাচালিও হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশ অংশে ভাঙ্গনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারতো।

    ১৯৯৯ সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেয়ার প্রচেষ্টা ভণ্ডুল করে দেয়া ছাড়া অন্য কোন রাস্তা বন্ধ হয়ে যায়। গোপনে প্রস্তুতি শুরু হয়ে যায় যুদ্ধের।

    ওয়াকেয়া

    তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের জবানীতে জানা যায় এই যুদ্ধের প্রারম্ভিক পরিকল্পনা ও প্রস্তুতি প্রসঙ্গে। অবস্থানগত দিক থেকে বাংলাদেশের সামরিক অবস্থান ছিল বর্মীদের অবস্থানের থেকে কিছুটা নিচে। এটা একটা অসুবিধাজনক বিষয় হলেও জেনারেল ফজলুর রহমান সম্ভাব্য যুদ্ধের নির্ধারণকারী বিষয় হিসেবে চিহ্নিত করেছিলেন গোলাবারুদের পর্যাপ্ততাকে। তাঁর মতে পর্যাপ্ত গোলাবারুদের সরবরাহ নিশ্চিত থাকলেও বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে পড়বে। এই লক্ষ্যে অসম সাহসিকতার সাথে তিনি এক রাতে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের পঁচিশ লাখ গোলাবারুদ কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন, আর বাকি গোলাবারুদ অকুস্থলে পাঠিয়ে দেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযানের দিকনির্দেশনা প্রদান করেন মহাপরিচালক স্বয়ং।

    যুদ্ধ শুরু হয়েছিলো ৮ তারিখ দুপুর আড়াইটায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন। কোড ওয়ার্ড ছিল সরল এক শব্দ- বিসমিল্লাহ।

    যুদ্ধ শুরু হয়েছিলো টেকনাফের হোয়াইকং ইউনিয়নে তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর। অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশী-বিদেশী প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রদান করে।

    img_20170108_221109
    লাল কালিতে চিহ্নিত অংশেই মূলত শুরু হয়েছিলো নাফ যুদ্ধ। জায়গাটা টেকনাফ শহরের থেকে বেশ খানিকটা উজানে। এখানে বনভূমি কিছুটা পাতলা ও বার্মার অংশে এখানের শুরু হয়েছে পাহাড়। এসব পাহাড় বর্মীদের জন্য সুবিধাজনক হলেও শেষমেশ তাদের শোচনীয় পরাজয় রুখতে পারেনি।

    যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয়-পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে। বার্মার ভেতরে অনুপ্রবিষ্ট গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে থাকে। প্রায় ছয় শতাধিক সৈন্য, ও বাঁধ নির্মাণের শ্রমিক বিডিআরের এই হামলায় বেঘোরে মারা যায়। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট অভ সারপ্রাইজ অথবা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম, নিয়তেই ভেবে থাকুন না কেন, তিনি ইচ্ছা করেই দুপুরকে আক্রমণ শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছিলেন। আমার মতে, এর পেছনে দুটি কারণ ক্রিয়াশীল ছিল। প্রথমত, সাধারণত কোন সামরিক হামলা ভোরবেলা অথবা রাতেই সংঘটিত হয়ে থাকে। দুপুরে আক্রমণ শুরু করা কিছুটা নজিরবিহীন। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিকভাবে মানুষ দুপুরের দিকে শরীরবৃত্তীয় কারণেই কিছুটা শৈথিল্যে থাকে। আর শীতের দুপুরে এই শৈথিল্য আরও বেশি প্রতিভাত হয়। যাহোক, জেনারেল ফজলুর রহমানের এহেন হিসাবনিকাশ কার্যকর বলেই প্রমাণিত হয়।

    যুদ্ধে বার্মার সেনা সমাবেশ ও হতাহতের খবর গোয়েন্দা সূত্রে প্রাপ্ত। যুদ্ধের কিছু আগেই বেশ কিছু গোয়েন্দাকে বার্মায় পাঠিয়ে দেয়া হয়েছিলো তথ্য সংগ্রহের জন্য। তাদের থেকেই পাওয়া যায় একজন মেজর জেনারেল ও একজন রিয়ার এডমিরালের অধীনে বার্মার নিয়মিত বাহিনীর ২৫০০০ সৈন্য মোতায়েনের। সেই তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই অপ্রতুল। সেই সময় বাংলাদেশের প্রধান সেনাপতি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। তিনি এই সংঘাতে জড়াতে ইচ্ছুক ছিলেন না। ফলে এই যুদ্ধের যাবতীয় দায়ভার বিডিআরের উপরই বর্তায়। ২৫০০০ নিয়মিত সেনার বিরুদ্ধে ২৫০০ জানবাজ আধাসামরিক বাহিনীর সৈন্য যুদ্ধে লিপ্ত হন।

    যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রেঙ্গুনের কর্তাব্যক্তিদের টনক নড়ে। ক্ষমতাসীন সামরিক জান্তা স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল নামের একটি পরিষদের মাধ্যমে ব্রহ্মদেশ শাসন করতো। এই পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান শোয়ে ছিলেন বার্মার শীর্ষ নেতা। তিনি একাধারে ছিলেন ব্রহ্মদেশের সরকার প্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও বার্মার একমাত্র জাতীয় দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা।

    _87059982_generalgetty
    সিনিয়র জেনারেল থান শোয়ে। ২০০০ সালের নাফ যুদ্ধের সময় তিনিই ছিলেন ব্রহ্মদেশের সর্বময় ক্ষমতাধর নেতা।

    জেনারেল থান শোয়ে ৯ জানুয়ারী রেঙ্গুনে নিযুক্ত বিদেশী সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করে, বাংলার সাথে যুদ্ধে লিপ্ত হবার কোন পরিকল্পনা বার্মার নেই। যে ‘ভুল বোঝাবুঝির’ কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম হয়েছে, তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন।

    যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে ১০ জানুয়ারী নাগাদ যুদ্ধ স্তিমিত হয়ে পড়ে। বার্মার নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মংডু গমন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্মসচিব (রাজনৈতিক) জানিবুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে শামিল ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ। শোনা যায়, পরাজয়ের আঘাতে বর্মী কর্মকর্তারা এতোটা ক্ষুব্ধ ছিলেন যে, তারা দ্বিপাক্ষিক বৈঠকে কোন টাইপ রাইটার সরবরাহেও অসমর্থ থাকে। ফলে হাতে লেখা অঙ্গিকারনামা স্বাক্ষরিত হয়, যাতে ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোন রূপ বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে ব্রহ্মদেশ। এছাড়াও যেকোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আলোচনা ও  রাজনৈতিক সমাধানে গুরুত্ব আরোপ করে বার্মা।

    নাফ যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য

    যুদ্ধের ব্যাপ্তি ও মেয়াদের দিক থেকে নাফ যুদ্ধ স্বল্পস্থায়ী হলেও এই যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে। এই যুদ্ধের পর থেকে সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হওয়া শুরু হয়। এই যুদ্ধ দুই শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যের অধিকারী বাংলাদেশ রাইফেলসের গরিমাকে বহুগুনে উন্নীত করে। যুদ্ধে বিজয়ের স্বীকৃতিস্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে ‘অপারেশন নাফ পদক’ নামে একটি বীরত্বসূচক তাম্রপদক প্রদান করে। ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারি ছাড়াই কোন যুদ্ধে একক বীরত্ব পদক লাভ করে।

    15934648_10211676904540832_1016248498_n
    অপারেশন নাফ পদক। ছবিটি জেনারেল ফজলুর রহমানের সৌজন্যে প্রাপ্ত। পদকের নাম থেকে আরেক দফা প্রমাণ করা যায় যে, এই যুদ্ধ ছিল একটি অফেন্সিভ যুদ্ধ। আজ যারা নানা পরিসংখ্যান দ্বারা বার্মার সামরিক সক্ষমতাকে বাংলাদেশের উপরে দেখিয়ে আত্মরতিতে মগ্ন, এই মেডেলের ছবিতে তাদের জন্য আছে কঠোর শিক্ষার অনুষঙ্গ।

    নাফ যুদ্ধে সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে, তা হচ্ছে শূন্য মৃত্যুহার। তিনদিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার তরফে ছয় শতাধিক ব্যক্তি নিহত হলেও বিডিআরে একজনেরও প্রাণহানি ঘটেনি। তবে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছিলো। যেকোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যা বিরল। পুরো যুদ্ধে মনস্তাত্ত্বিকভাবেও বাংলা ছিল উপরে। ৯ জানুয়ারীর একটি ঘটনা তার প্রমাণ দেয়। সেদিন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে শত্রুদের অবস্থানের কয়েকশো গজ দূরে অবস্থান নিলে বর্মী সৈন্যরা হাত উঁচিয়ে তাদের সদিচ্ছা প্রকাশ করে, যা একটি অসাধারণ ঘটনা।

    এছাড়াও ঐতিহাসিকভাবে ২০০০ সালের নাফ যুদ্ধ একটি অনন্য ঘটনা। ১৬৬৫ সালে শায়েস্তা খান কতৃক চট্টগ্রাম অধিকারের তিন শতাধিক পর এই প্রথম অত্র ভূখণ্ড দিয়ে একটি সামরিক আক্রমণ পরিচালিত হয় ২০০০ সালের জানুয়ারী মাসে। তাছাড়া ১৭৭৬ সালে মেজর জেমস রেনেলের অংকিত সুবা বাংলার মানচিত্র পর্যবেক্ষণে দেখা যায়। মুঘলদের সামরিক বিজয় রামু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সেদিক থেকেও নাফ যুদ্ধ ছিল অনন্য, আরেকটি গভীরে সংঘটিত, এবং সম্ভবত একটি নতুন ইতিহাসের সূচনার কথা!

    বাংলাদেশ ও ব্রহ্মদেশের সামরিক সক্ষমতার একটি তুলনা

    প্রচলিত অর্থে দুটি দেশের সামরিক সক্ষমতার তুলনা যেভাবে করা হয়, সেভাবে আসলে বাস্তবতার বিনির্মাণ হয়না, বরং শিশুতোষ প্রতিযোগিতাতেই সারা হয়। বাংলাদেশের সাথে যেকোনো দেশের সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে আমাদের এই প্রবণতা বাদ দিতে হবে। কোন জাতির সামরিক সক্ষমতার আসল আঁচ পাওয়া যায়, তার ইতিহাসে, জাতিগত প্রাচীনত্ব ও সভ্যতার দিক থেকে। এর থেকেই সমর পরিকল্পকগণ দীর্ঘমেয়াদে পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। উপরিউল্লেখিত প্রতিটি মানদণ্ডেই বাংলাদেশের চেয়ে বার্মা পিছিয়ে। আর কোন দেশের যুদ্ধ প্রচেষ্টায় অর্থনীতি একটি প্রধান নিয়ামক। যুদ্ধকালীন অর্থনীতির নিরিখেও নানাভাবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে।

    বেশিরভাগ মানুষই সামরিক সক্ষমতার ঢালাও বিচার করেন লোকবলের পরিসংখ্যানের নিরিখে। এটা একদমই অপরিপক্ব একটা ধারণা। লোকবল একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বেশিরভাগ সময়েই লোকবলের চেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে পরিকল্পনা, সেনা মোতায়েনের ধরণ, সৈন্যদের নৈতিক জোর, প্রশিক্ষণ ও সাহস। ধরা যাক, বার্মার যদি ছয় লাখ সেনা থাকে, এবং কেউ যদি সেটা ধর্তব্যে নিয়েই ‘সিকিম সিনড্রোমে’ আক্রান্ত হয়ে পড়ে, তবে তার মানসিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলাই যায়। সৈন্যদের নৈতিক বল, সার্বিক প্রশিক্ষণের কথা বাদ দিলেও বার্মা কি তার ছয় লাখ সৈন্যের সবাইকে অন্যান্য সংঘাতপূর্ণ এলাকা থেকে উঠিয়ে আরাকানের শীর্ণ ভূখণ্ডে মোতায়েন করবে কিনা, অথবা বাংলাদেশ তার তিন লাখ সৈন্যের সবাইকে কক্সবাজারে এনে বসাবে কিনা, এই প্রশ্নের একটি সাধারণ জ্ঞান-প্রসূত জবাব আছে। তাছাড়া ভৌগলিকভাবেও এই এলাকায় বার্মার সেনা সঞ্চালনার কি কি বাঁধা আছে, সেটাও বিবেচ্য। দশম পদাতিক ডিভিশন দাঁড়িয়ে যাওয়ায় এখন লোকবলের সমীকরণ অনেকটাই বাংলাদেশের অনুকূলে চলে এসেছে।

    শেষের কথা

    আরাকান সংকটের মুখে বাংলাদেশ যে একটি উপদ্রুত রাষ্ট্রে পরিণত হয়েছে, তা ক্রমেই স্পষ্ট রূপে প্রতিভাত হচ্ছে। এমতাবস্থায় ভবিষ্যতে পুনরায় বাংলা ও বার্মার মধ্যে সামরিক সংঘাত লেগে যাবার ঝুঁকি ঈশান কোণে স্থাণু হয়ে আছে। এক্ষেত্রে ২০০০ সালের নাফ যুদ্ধ একটি প্রেরণা, বাংলাদেশের সামনে একটি মেছাল। এই যুদ্ধ আমাদের শিক্ষা দেয়, আমাদের দ্বারা কোন কিছুই অসম্ভব নয়। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলতে পারে, তবে ইতিহাসে নাফ যুদ্ধকে তার যোগ্য স্থানেই দিতে হবে। নাফ যুদ্ধে অংশগ্রহণ করা প্রতিটি সৈনিকের বুকে জ্বলজ্বল করা নাফ অপারেশন মেডেল নীরবে কিন্তু সেই কথাই বলে যাচ্ছে…!

    ©মেধাস্বত্ব সংরক্ষিত

  • rt-rex-tillerson-1-jt-161210_12x5_1600
    এক্সনমোবিলের চেয়ারম্যান ও সিইও রেক্স টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করেছেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।

    অবশেষে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি বা জেনারেল ডেভিড পেট্রাউস নন, ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করলেন টেক্সাস ভিত্তিক তেল-গ্যাস কোম্পানি এক্সনমোবিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলারসনকে।

    যখন ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস মেটিস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেনারেল মাইকেল ফ্লিনকে নিযুক্ত করেছিলেন, তখন আমি মনে মনে ভেবেছিলাম ট্রাম্প বোধহয় কোন জেনারেলকেই পররাষ্ট্রমন্ত্রী করবেন। সেক্ষেত্রে আমার ধারণা ছিলো সাবেক সিআইএ চীফ এবং আফগানিস্তানে দখলদার বাহিনীর প্রধান সেনাধ্যক্ষ জেনারেল ডেভিড পেট্রাউসই হবেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প টাওয়ারে পেট্রাউসের সাথে বৈঠকের পর ট্রাম্প যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তাতে তাই মনে হয়েছে। মিট রমনিও এই পদের জন্য বেশ আলোচিত ছিলেন। তবে সবাইকে ছাড়িয়ে ওয়াইল্ড কার্ড এন্টিতে বাজিমাত করলেন টেক্সাসের ধনকুবের রেক্স টিলারসন।

    ভাবী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে শুরুতেই রাশিয়ার প্রতি ইতিবাচক বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিশ্বে শুরু হওয়া নয়া স্নায়ুযুদ্ধে যেভাবে রাশিয়া মার্কিন বিরোধী একটি অক্ষের রাজনৈতিক ও সামরিক উচ্চাশার নেতৃত্ব দেয়া শুরু করেছে, সেখানে টিলারসনের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কতোটা কাজে দিতে পারে সেই বিষয়ে নিঃসংশয় হবার সময় এখনও আসেনি বলেই আমার বিশ্বাস।

    বলা হচ্ছে, বিশ্বজুড়ে যোগাযোগ ছাড়াও এই টেক্সান ধনকুবেরের বড় যোগ্যতা হচ্ছে, তিনি দরকষাকষিতে পারঙ্গম। কিন্তু আমার ক্ষুদ্র বিবেচনা বোধ বলছে, ব্যবসায়িক দরকষাকষি আর রাজনৈতিক দরকষাকষিতে কিছু বুনিয়াদী পার্থক্য থেকেই যায়। বিশ্বের প্রায় সর্বত্র যখন একটা উত্তেজনা ও পরোক্ষ সাজসাজ রব পরিলক্ষিত হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভালো করতেন কোন সাবেক জেনারেল। এখন সেটা সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ে থাকা জেনারেল ডেভিড পেট্রাউস, জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বা অ্যাডমিরাল জেমস স্ট্যাভ্রিডিসের মধ্যে কে সবচেয়ে ভালো পারতেন, সেটা আমার পক্ষে ঠাহর করা মুশকিল।

    নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নিযুক্তির পর প্রাথমিক ধারণা হিসেবে আমার মনে হচ্ছে, যুদ্ধংদেহী মেজাজে নির্বাচিত হলেও ডোনাল্ড ট্রাম্প সম্ভবত তার শাসনামলে বড়সড় সামরিক সংঘাত থেকে আমেরিকাকে দূরে রাখতে সচেষ্ট থাকবেন। ট্রাম্প জমানায় আমরা সম্ভবত একটি গতানুগতিক রিপাবলিকান পররাষ্ট্রনীতিই দেখতে পাবো। আমার আরও ধারণা হচ্ছে, ট্রাম্প সম্ভবত বারাক ওবামার রেখে যাওয়া ইরান ডিলে তেমন কোন পরিবর্তন আনবেন না। তেল ব্যবসায়ী রেক্স টিলারসনও সম্ভবত পূর্বসূরি জন কেরির রেখে যাওয়া কাজেই হাত দেবেন।

    তারপরও আমার ধারণা, বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে এখন আমেরিকার জন্য ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক পররাষ্ট্রনীতি বা ব্যবসায়ী পররাষ্ট্রনীতি পুরোপুরি পোষাবে না। সব সিভিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীই হেনরি কিসিঞ্জার নন। জর্জ মার্শাল, ডিন রাস্ক বা কলিন পাওয়েলের মতো সামরিক ব্যক্তিত্বরাই বিগত সাত দশকের স্পর্শকাতর সময়গুলোতে মার্কিন পররাষ্ট্রনীতির হালে ছিলেন।

    যাহোক, গত বছরের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোল শুরু হবার পর থেকেই আমার নজর ছিল কারা হবেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর রানিং মেট। সেটা মীমাংসা হবার পর আমার নজর ছিলেন সম্ভাব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিকে। আজ সেটাও মীমাংসা হবার পর এখন এই বিষয়ে ক্ষান্ত দিয়ে রং দেখার পালা…!

    ©সর্বস্বত্ব সংরক্ষিত

  • বিষয় ও বিবেচনা- রাজনৈতিক ম্যান্যুভার ও জেনারেল ফ্রাংকোর কেস স্টাডি এবং বাংলাদেশ

    ম্যান্যুভার শব্দের অর্থ চাতুর্য ও কৌশলের সাথে দিক বদল। এর দ্বারা নিজেকে শক্তিশালী করা যায়। ম্যান্যুভার জঙ্গিবিমানের যুদ্ধ সক্ষমতার একটি অপরিহার্য অঙ্গ। তবে কখনো কখনো ম্যান্যুভার একটি অব্যর্থ রাজনৈতিক অস্ত্রেও পরিণত হতে পারে। যার দ্বারা দুনিয়া উল্টেপাল্টে গেলেও নিজেকে সংহত রাখা যায়। অবশ্য অভদ্র ভাষায় একে ডিগবাজী বলাও দুরুস্ত।

    এই প্রসঙ্গে মনে পড়ছে জাপানের সম্রাট হিরোহিতো ও স্পেনের একনায়ক জেনারেলিসিমো ফ্রান্সিসকো ফ্রাংকোর কথা। আশ্চর্য রাজনৈতিক ম্যানুভারের দ্বারা এই দুইজন দীর্ঘদিন সমহিমায় বলীয়ান ছিলেন। এমনকি এদের সাথে বিলুপ্ত যুগোস্লাভিয়ার নেতা মার্শাল জোসেফ ব্রিজ টিটোর তুলনাও অসম্ভব। কারণ এরা দুজনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার লোক, বিশ্বযুদ্ধের সময় চুটিয়ে অ্যাডলফ হিটলারের সাথে দোস্তি করেছেন, আবার যুদ্ধের পর ডিগবাজীর মাধ্যমে স্নায়ু যুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে আমৃত্যু ক্ষমতাসীন থাকতে পেরেছেন।

    548867465
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ফুয়েরার অ্যাডলফ হিটলারের সাথে গার্ড অভ অনার পরিদর্শনে স্পেনের কডিলো ফ্রাংকো।

    franco-hitl
    নাৎসি সালাম দিচ্ছেন ফ্রাংকো। পাশে হিটলার।

    296e009f
    ১৯৪৫ সালে প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনের প্রধান সেনাপতি জেনারেল ডগলাস ম্যাকআর্থারের সাথে জাপানের সম্রাট হিরোহিতো। হিরোহিতোর প্রধানমন্ত্রী জেনারেল হিদেকি তোজো আর বাদবাকি বেশিরভাগ জাপানী যুদ্ধবাজ ফাঁসীতে ঝুললেও, যার নামে জাপানের এই যুদ্ধ সেই হিরোহিতোই বেঁচে যান, এবং ১৯৮৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে আসীন থাকেন।

    তবে হিরোহিতো বা ফ্রাংকোর মধ্যে শেষোক্ত জনের বিষয়টি বেশি তাৎপর্যপূর্ণ। কারণ হিরোহিতো রাজত্ব করতেন, কিন্তু শাসন করতেন না। কিন্তু ১৯৩৬ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্রান্সিসকো ফ্রাংকো ছিলেন স্পেনের সর্বেশ্বর- দ্য কডিলো। কডিলো শব্দের সহজ মানে হচ্ছে প্রধান বা স্রেফ ‘নেতা’।

    ১৯৩৬ সালে যখন তিনি প্রথম সামনে আসেন, তখন দেশ গৃহযুদ্ধ কবলিত। সমসাময়িক কালের ইউরোপের সর্বকনিষ্ঠ জেনারেল ফ্রাংকো ছিলেন উগ্র জাতীয়তাবাদী, কট্টর ডানপন্থী ও রাজতন্ত্রের সমর্থক গোষ্ঠীর নেতা। ১৯৩১ সালের গ্রীষ্মের শুরুতে সোভিয়েত মদতপুষ্ট প্রজাতন্ত্রীদের তৎপরতায় স্পেনের রাজা ত্রয়োদশ আলফন্সো সিংহাসনচ্যুত হন। মূলত এটাই স্পেনে গৃহযুদ্ধের জন্ম দেয়।

    যাহোক, এরপরে বহু ঘটনা ঘটে যায়। গৃহযুদ্ধে বিজয়ী হবার ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে শেষও হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের সাথে দুশমনির অজুহাতে ফ্রাংকো নাৎসি জার্মানির সাথে হাত মেলান, এবং অক্ষ শক্তির যুদ্ধে শামিল হন। অথচ এরপর এই ফ্রাংকোকেই ১৯৫৯ সাল নাগাদ মাদ্রিদে তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট ডুয়েইট ডি আইজেনহাওয়ারের সাথে দেখা যায়, যিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে দখলীকৃত জার্মানির মার্কিন মালিকানাধীন অংশের গভর্নর থেকে শুরু করে ইউরোপে মিত্র বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। এর আগে অবশ্য ১৯৫২ সাল নাগাদ আমেরিকান কোম্পানিগুলো স্পেনে তেল উত্তোলনের সুযোগও পাওয়া শুরু করেছিলো।

    franco_eisenhower_1959_madrid
    ১৯৫৯ সালের শীতে মাদ্রিদে মার্কিন প্রেসিডেন্ট জেনারেল ডুয়েইট আইজেনহাওয়ারের সাথে স্পেনের কডিলো জেনারেল ফ্রান্সিসকো ফ্রাংকো।

    -
    ১৯৭১ সালের গ্রীষ্মে এক সামরিক কুচকাওয়াজে স্পেনের কডিলো জেনারেল ফ্রান্সিসকো ফ্রাংকোর পেছনে দণ্ডায়মান প্রিন্স জুয়ান কার্লোস। ১৯৪৭ সালেই ফ্রাংকো স্পেনে পুনরায় রাজতন্ত্র চালুর ঘোষণা দেন। তবে সাথে সাথে এও সাব্যস্ত হয় যে, তাঁর মৃত্যুর আগ পর্যন্ত স্পেনীয় সিংহাসন খালি থাকবে, এবং ফ্রাংকো রাজার গরিমায় রাজ প্রতিভূ হিসেবে থাকবেন। ১৯৬৯ সালে তিনি বিখ্যাত বুরবোঁ বংশের সদস্য ও ১৯৩১ সালে সিংহাসনচ্যুত রাজা ত্রয়োদশ আলফন্সোর পৌত্র হুয়ান কার্লোসকে নিজের মৃত্যুর পর স্পেনের রাজা হবার কমিশন দিয়ে দেন। কার্লোস রাজা প্রথম হুয়ান কার্লোস নামে ২০১৪ সাল পর্যন্ত রাজত্ব করে পুত্র ষষ্ঠ ফিলিপের অনুকূলে তখত ছেড়ে দেন।

    যাহোক, রাজনীতিতে ম্যান্যুভারের বিষয়ে বলতে গিয়ে জেনারেল ফ্রাংকোর প্রসঙ্গ আনার মানে এই নয় যে, তিনি ডিগবাজী দিয়ে ভালো কাজ করেছিলেন। বরং তিনি উচিত কাজ করেছিলেন। মূলত রাজনৈতিক ম্যান্যুভারের বেধড়ক প্রয়োগের দ্বারাই ফ্রাংকো যুগকে পদানত করতে সমর্থ হয়েছিলেন। আসলে রাজনৈতিক ম্যান্যুভারের প্রায়োগিক বর্ণনা দিতে গেলে এক কথায় বলা চলে, রাজনৈতিক ম্যান্যুভার আসলে পাত্র অনুযায়ী আকার ধারণ করার বিদ্যা বা কৌশল। আমাদের সামরিক শাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদও প্রশংসনীয় দক্ষতায় রাজনৈতিক ম্যান্যুভার দেখাতে পারেন। তবে ফ্রাংকোর সাথে এরশাদের পার্থক্য হচ্ছে, ম্যানুভার করতে গিয়ে ফ্রাংকো নিজেকে লেজেগোবরে অবস্থায় ফাঁসতে দেননি।

    সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে ম্যানুভারের  প্রয়োজনীয়তা কার্যত ফুরিয়ে গেছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বাধীন এক মেরুর বিশ্ব ছত্রখান হয়ে পড়ায় এখন আবার রাজনৈতিক ম্যান্যুভার বা ভাণ্ড অনুযায়ী আকার ধারণের আবেদন ফুরিয়ে এসেছে। এটা বিশেষত সেই দেশগুলোর ক্ষমতাসীনদের জন্য প্রযোজ্য, যাদের দেশ রুশ-চীন আর আমেরিকার রশি টানাটানিতে আছে। বাংলাদেশও তেমন দেশের অন্যতম।

    সাম্প্রতিক সময়ে আমেরিকার এশীয় নায়েব ভারতের একচ্ছত্র আধিপত্যে ছিল বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের সরকারকে কোনোরূপ ম্যান্যুভার তো দূরে থাক, ভারসাম্য রাখার চেষ্টাও করতে হয়নি। কিন্তু চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর, তার একদিন আগে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে ভারতের ক্রস বর্ডার অপারেশন বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের নারাজির ঘোষণা প্রমাণ করে যে, বাংলাদেশের, এবং তার শাসকগোষ্ঠীর পলিটিকাল ম্যান্যুভার এখন সক্রিয়ভাবে খতিয়ে দেখতে শুরু করেছে। শেষমেশ আদৌ এহেন কোন ম্যান্যুভার হয় কিনা, তা পরের কথা; কিন্তু বাংলাদেশের পলিটিকাল ম্যানুভারের পাঁকে আটকে যাওয়াটা বেশ স্পষ্ট। ফলে এটা হলফ করে বলা যায়না যে আমাদের অদূর ভবিষ্যতে কি আছে! বাংলাদেশে চীনের দৃশ্যমান হবার প্রেক্ষিতে একটা সম্ভাব্য পলিটিকাল ম্যান্যুভার ও তার সাস্টেইনিবিলিটি বা টেকসই হবার পেছনে এখন অনেকের ভাগ্য জড়িত হয়ে পড়ছে…!

     

    ©কপিরাইট সংরক্ষিত

  • হানজিন শিপিং বিশ্বের অন্যতম বৃহত্তম শিপিং ও লজিস্টিকস প্রদায়ক প্রতিষ্ঠান। পণ্য পরিবহণের সক্ষমতার বিচারে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম শিপিং কোম্পানি। ১৯৭৭ সালে দক্ষিণ কোরিয়ায় স্থাপিত এই প্রতিষ্ঠানের দুইশর মতো সমুদ্রগামী বৃহদাকার কার্গোবাহী জাহাজ আছে। ৬০ দেশে ২৩০ দফতর ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের অধিকারী হানজিনের আছে কয়লা, তেল ও এলএনজিবাহী জাহাজও। কিন্তু হঠাৎ শুরু হওয়া বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চলতি বছরের শুরু থেকেই হানজিন শিপিং দেউলিয়া হতে শুরু করে। মোট ৫.৪১ বিলিয়ন ডলারের দায় আছে এর ঘাড়ে। সম্প্রতি দেশটি দেনার জালে আটকানো অবস্থা থেকে মুক্তি পাবার জন্য আর্থিক প্রণোদনা, আইনি সুরক্ষার আবেদন জানিয়ে দ্বারে দ্বারে ঘুরছে হানজিন শিপিং। সম্প্রতি কোম্পানিটি তার একটা বিরাট অংশ বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারীভাবে হানজিন শিপিংয়ের একাংশ কিনে নিতে পারে, যার অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা অপরিসীম।

    9l-hanjin-shipping

    সম্প্রতি বাংলাদেশের জন্য সমুদ্র বাণিজ্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজস্ব উদ্যোগ ছাড়াও অবস্থানগত সুবিধার কারণে এদেশে বিদেশী উদ্যোক্তারাও ভিড় করছে। এদেশে দক্ষিণ কোরিয়া, চীন, জাপানের মতো দেশ সরাসরি বিনিয়োগ শুরু করেছে। এসব দেশের জন্য স্থাপন করা হচ্ছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। কেবল চীনই বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে বিভিন্ন দিক থেকে ভূমিকা রাখছে। আজ সমাপ্ত হওয়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই দিনের ঢাকা সফরের প্রেক্ষিতে বস্ত্র, চামড়াজাত পণ্য, পেট্রো কেমিকেলস ইত্যাদি রপ্তানি পণ্যে বিনিয়োগ ছাড়াও বড় শিল্প স্থাপনে চীনা বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। শুধু তাই নয়, জ্বালানী ও বিদ্যুৎ খাতে গৃহীত সরকারী নীতিই এখন সমুদ্র বাণিজ্যের দিকে বাংলাদেশের মরিয়া দৃষ্টির জন্য যথেষ্ট। দেশে বেশ কিছু মাঝারি ও বড় মাপের কয়লা ও তরলীকৃত গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। গ্যাসের উপর চাপ কমাতে সরকার ২০২১ সাল নাগাদ দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩০ শতাংশই কয়লা ভিত্তিক করতে চাচ্ছে। এসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে যেমনি কার্যকর, তেমনি সম্পূর্ণ আমদানি নির্ভর কাচামাল হওয়ায় এক্ষেত্রে বাংলাদেশের স্বাবলম্বী হওয়া জরুরী হয়ে পড়েছে।

    সম্প্রতি ব্লু  ইকনমির কথা বেশ চাউর হয়েছে। বাংলাদেশের ব্লু  ইকনমি এখনও নেহায়েত শিশু পর্যায়ে। একে ঘিরে আমাদের অনেক স্বপ্ন সাধের বেসাতী ইতোমধ্যেই রচিত হয়ে গেছে। ব্লু  ইকনমি আর বড় বড় সমুদ্রগামী জাহাজ কার্যত সমার্থক। আর বাংলাদেশের ব্লু  ইকনমির জন্য অধিক সংখ্যায় বাংলাদেশী পতাকাবাহী, অথবা নিজস্ব মালিকানাধীন জাহাজের বিকল্পও নেই। বাংলাদেশ বর্তমানে সমুদ্রগামী জাহাজ নির্মাণেও নিজের দক্ষতার ছাপ রাখতে শুরু করেছে। কিন্তু সমুদ্রগামী জাহাজে স্বয়ংসম্পূর্ণ হওয়া বাংলাদেশের স্বপ্ন হলেও তা বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ। অথচ আল্লাহ তার আগেই আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, যা হাতছাড়া হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।

    হানজিনের শেয়ার ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ কেবল প্রচুর সমুদ্রগামী জাহাজ নিজের অধীনেই পাবেনা, বরং ইতোমধ্যেই প্রতিষ্ঠিত এর বিস্তৃত নেটওয়ার্ক আর অভিজ্ঞ কর্মশক্তির সুবিধা ষোল আনাই পেয়ে যাবে। সমুদ্রে আধিপত্য কেবল নৌবাহিনীর রণতরীর উপরই নির্ভর করেনা, বরং অধিক সংখ্যক বাণিজ্যিক জাহাজের মালিকান সমুদ্রে কোন দেশের আধিপত্য প্রকাশের জন্য প্রধান নির্ণায়ক বিষয়। তাছাড়া সমুদ্রগামী জাহাজের রণকৌশলগত তাৎপর্যও ফেলনা নয়।

    আমরা জানি, ফানেল আকৃতির বঙ্গোপসাগর বৈদেশিক শক্তির দ্বারা বাংলাদেশের জন্য অবরোধ আরোপের জন্য অনেকটাই সহায়ক। এটা বাংলাদেশের একটা সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার সামরিক সমাধান হিসেবে একটি শক্তিশালী ব্লু  ওয়াটার নেভি প্রতিষ্ঠা করার কথা হচ্ছে। কিন্তু সেই তুলনায় অবরোধের সময় সমুদ্র বাণিজ্য চালু রাখার উপায় নিয়ে কম কথা হচ্ছে। এখানে আমার বক্তব্য স্পষ্ট। যদি বর্তমান ভূরাজনৈতিক অস্থিরার ডামাডোলে বাংলাদেশের সামনে কোন বৈদেশিক শক্তির দ্বারা সমুদ্র অবরোধে নিপতিত হবার সুযোগ সৃষ্টি হয়, তবে তার সরাসরি মোকাবিলায় থাকবে নৌবাহিনী। কিন্তু নৌবাহিনীর রক্ষাকবচের পেছনে সমুদ্র বাণিজ্য চালানোর জন্য প্রয়োজন হবে নিজস্ব জাহাজের। কোন অনিশ্চিত পরিবেশে অন্য দেশের পতাকাবাহী জাহাজের উপর বাংলাদেশ ভরসা রাখতেই পারবে না।

    অর্থাৎ এখন সময় এসেছে ছোট চিন্তার বদলে বড় চিন্তা করার। আমাদের জন্য একটা ফ্রিগেট বা ডেস্ট্রয়ারের পেছনে প্রয়োজন রাষ্ট্রীয় পতাকাবাহী অন্তত দুটি জাহাজ। আর এক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে দক্ষিণ কোরীয় জায়ান্ট হানজিন শিপিংয়ের দেউলিয়াত্ব। সঠিক অংক আমার জানা নেই, তবে বাংলাদেশের প্রাথমিকভাবে মাত্র ৮০০ মিলিয়ন ডলার প্রয়োজন লাল বাতি জ্বলার অপেক্ষায় থাকা হানজিনের বড় একটি শেয়ার কিনে নেয়ার জন্য। বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয় বা সমুদ্র পরিবহণ অধিদফতরের নামে এই শেয়ারগুলো কিনতে পারে। এখন বাংলাদেশের জন্য ৮০০ মিলিয়ন ডলার জোগাড় করার মতো সহজ উৎসের অভাব আছে কিনা, সেটা আশা করি চিন্তাশীল মাত্রেই উপলব্ধিতে পারঙ্গম।

    আমাদের সম্ভাবনার সীমা আকাশ। আমাদের স্বপ্ন আর উদ্যোগের সীমাও অনুরূপ হওয়া উচিত। পৃথিবীর অন্যতম বৃহত্তম এই জনগোষ্ঠী কি চিরাচরিতভাবে চেয়ে চেয়ে দেখেই যাবে, নাকি নতুন যুগের বজ্রনির্ঘোষ ঘোষণা করবে, তার সিদ্ধান্ত নেয়ার দায়ভার আমাদেরই। আগামী বছর নির্বাচন হবে কি হবেনা, ডোনাল্ড ট্রাম্প জিতবে কি জিতবে না, এহেন শিশুতোষ ও দেহাতী চিন্তা থেকে মুক্ত হয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। মাথা নিচু করে, বা পেছনের সারিতে থেকে নয়, বরং স্বাভাবিক ঋজুত্বের সাথে দাঁড়িয়ে সকলের সাথে তাল মিলিয়ে স্বার্থ উদ্ধারেই বাংলাদেশের সোনালী স্বপ্নের বাস্তবায়ন নিহিত…।

    ©কপিরাইট সংরক্ষিত

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free